অপহরণের এক বছর পর বিএনপি নেতার হাড় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের এক বছর পর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বিএনপির নেতা ও ইট ব্যবসায়ী মিরাজুল ইসলাম মিরাজের হাড় উদ্ধারের দাবি করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া এক আসামির স্বীকারোক্তি অনুযায়ী বালুচাপা দেওয়া অবস্থায় মিরাজের হাড় উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার রাতে উপজেলার মাস-উদ রুমী সেতুসংলগ্ন গড়াই নদের বালুচর থেকে মিরাজের হাড় উদ্ধার করে কুমারখালী থানার পুলিশ। মিরাজুল ইসলাম কুমারখালী উপজেলার লাহিনীপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি একই উপজেলার চাপড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া এক আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে মিরাজকে হত্যা করে বালুচাপা দেওয়া হয়েছিল বলে স্বীকারোক্তি দেন। সে অনুযায়ী ওই আসামিকে নিয়ে গতকাল রাত নয়টার দিকে মিরাজের ইটভাটাসংলগ্ন গড়াই নদের পাশে বালুচরে অভিযান চালানো হয়। মিরাজকে হত্যা করে যেখানে পুঁতে রাখা হয়, আসামি সেই স্থানটি পুলিশকে দেখিয়ে দেন। এ সময় গর্ত খুঁড়ে কিছু হাড় উদ্ধার করে পুলিশ। সেখানে মিরাজের পরিবারের কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন।
ওসি বলেন, আজ বৃহস্পতিবার সকালে হাড়গুলো ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, এসব হাড় নিখোঁজ মিরাজের। এগুলো ল্যাবে পরীক্ষার জন্যও পাঠানো হবে। ডিএনএ পরীক্ষা করলেই সব জানা যাবে।
গত বছরের ৪ জুন রাত ১০টার দিকে কুমারখালী উপজেলার জয়নাবাদ এলাকা থেকে মিরাজ নিখোঁজ হন বলে তাঁর পরিবার থেকে দাবি করা হয়েছিল। ৫ জুন মিরাজের স্ত্রী সখী খাতুন কুমারখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ৬ জুন দুপুরে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে তিনি একটি অপহরণ মামলা করেন।