অপহরণের এক মাস পর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জে আশরাফুল ইসলাম (৩৫) নামের এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। অপহরণের এক মাস পর গত সোমবার রাতে উপজেলার আশ্রয়ণ প্রকল্পের সেপটিক ট্যাংক থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও নিহত ব্যবসায়ীর পরিবার সূত্র জানায়, উপজেলার চতরা হাটের ওয়ালটন ব্র্যান্ডের পণ্যসামগ্রীর ব্যবসায়ী ও মাইন সার্ভ প্যালেসের মালিক আশরাফুল ইসলাম গত ১৮ জানুয়ারি অপহৃত হন। পরদিন আশরাফুলের মুঠোফোন থেকে তাঁর স্ত্রী মোরশেদা খাতুনের কাছে অপহরণকারীরা তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ওই দিনই মোরশেদা পীরগঞ্জ থানায় জিডি ও রংপুর র‌্যাব-১৩ কার্যালয়ে গিয়ে অভিযোগ করেন।
অভিযোগের সূত্র ধরে ১ ফেব্রুয়ারি রিপা বেগম ও মোস্তফা কামাল নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ২ ফেব্রুয়ারি রিপার স্বামী আবদুল খালেককে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। পীরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন বলেন, রিমান্ডে ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার কথা স্বীকার করেন আবদুল খালেক।