অপহরণের এক মাস পর সেপটিক ট্যাংকে মিলল ছাত্রের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে এক মাস আগে অপহৃত স্কুলছাত্র মাহফুজ আলম সজীবের (১৪) গলিত লাশ পাওয়া গেছে গতকাল বুধবার। চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ সিঅ্যান্ডবিপাড়ার একটি চার্জার লাইট কারখানার পায়খানার সেপটিক ট্যাংকের ভেতর থেকে লাশটি উদ্ধার করে র্যা ব, পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ দল।
পুলিশ ও র্যা ব বলেছে, লাশ উদ্ধারের স্থান চার্জার লাইট কারখানাটির মালিক আলোকদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য রাকিবুল ইসলাম ওরফে রাকিব। তিনিই এই অপহরণ ও হত্যা ঘটনার মূল সন্দেহভাজন।
নিহত স্কুলছাত্র মাহফুজ আলম দামুড়হুদা উপজেলা শহরের দশমী ব্রিজপাড়ার মৃত হাবিবুর রহমান ও মাহবুবা খাতুন দম্পতির একমাত্র ছেলে। চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল সে। তাকে হত্যার ঘটনায় ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে।
র্যা ব ও পুলিশ সূত্র বলেছে, গত ২৯ জুলাই দামুড়হুদা উপজেলা চত্বরের বৃক্ষমেলার মাঠ থেকে দুর্বৃত্তরা মাহফুজকে কৌশলে অপহরণ করে। অপহরণের পর দুর্বৃত্তরা তার পরিবারের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। পরিবার সেই টাকা দিতে না পারায় মাহফুজকে খুন করে লাশ সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়। এরপর ট্যাংকের মুখে স্ল্যাব বসিয়ে ঢালাই করে দেওয়া হয়।
র্যা ব-৬ ঝিনাইদহ ক্যাম্পের পরিচালক মেজর মনির আহমেদ বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় মাহফুজের লাশের অবস্থান জানা যায়। এরপর গতকাল ভোর থেকে তাঁরা উদ্ধার অভিযান চালান। দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। মেজর মনির বলেন, ‘এই অপহরণ ও খুনের মূল হোতা আলোকদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য রাকিবুল ইসলাম ওরফে রাকিব। তিনি দুই বছর ধরে সিঅ্যান্ডবিপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে জাহান ইলেকট্রনিকস নামে একটি চার্জার তৈরির কারখানা খুলেছিলেন। ওই ইউপি সদস্যসহ জড়িতদের ধরতে অভিযান চলছে।’
রাকিবুল ও তাঁর সহযোগীরা আত্মগোপন করে আছেন বলেও জানান মনির আহমেদ।
মাহফুজ অপহরণের পর তার নানা আবদুল হামিদ গত ৩০ জুলাই দামুড়হুদা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, ‘ওই অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করে এগোচ্ছিলাম। লাশ উদ্ধারের পর অপহরণ, পরিকল্পিত হত্যা ও লাশ গুমের অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।’