অপহরণের এক সপ্তাহ পর শিশুর লাশ উদ্ধার
শেরপুরে অপহরণের এক সপ্তাহ পর স্কুলছাত্র আরাফাত ইসলাম ওরফে রাহাতের (৮) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ আজ শনিবার সকালে গ্রেপ্তার হওয়া মো. আসলাম নামে এক ব্যক্তির দেওয়া তথ্যমতে দুপুরে শেরপুরের নালিতাবাড়ী থেকে তার লাশ উদ্ধার করে। আরাফাত গত ২ আগস্ট থেকে নিখোঁজ ছিল।
আরাফাত শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র। গত ২ আগস্ট বিকেলে শেরপুর জেলা শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক এলাকা থেকে দুর্বৃত্তরা আরাফাতকে অপহরণ করে বলে আরাফাতের বাবা মামলার এজাহারে অভিযোগ করেন।
পুলিশ জানিয়েছে, আজ শনিবার সকালে পুলিশ মো. আসলামকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী গারো পাহাড়ের বুরুঙ্গা এলাকায় অভিযান চালিয়ে আরাফাতের গলিত লাশ উদ্ধার করে। এ সময় আরাফাতের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ঘটনাস্থলের আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে ছিল।
শেরপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. শাহজাহান মিয়া আজ বিকেলে প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারকৃত আসলাম পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরাফাতকে হত্যার কথা স্বীকার করেছেন।
মো. শাহজাহান মিয়া আরও জানান, আসলাম শিশু আরাফাতের খালু আবদুল লতিফের পরামর্শক্রমে মুক্তিপণের জন্য আরাফাতকে অপহরণের করেন। পরে তাকে (আরাফাত) নালিতাবাড়ীর নন্নী এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে হত্যার পরিকল্পনা করা হয়। পরে ওই দিনই আরাফাতকে গারো পাহাড়ের বুরুঙ্গা এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে শ্বাসরোধের করে হত্যা করে লাশ পাহাড়ে ফেলে রাখা হয়। মুক্তিপণের টাকা না পাওয়ায় আসলাম আবদুল লতিফের পরামর্শে আরাফাতকে হত্যা করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নিহত আরাফাতের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন, মো. আসলাম, মো. আব্দুল লতিফ, রবিন, ইমরান।
উল্লেখ্য, গত ২ আগস্ট রোববার দুপুরে আরাফাত স্কুল থেকে গৃদানারায়ণপুর এলাকার বাসায় আসে। এরপর বিকেল তিনটার দিকে সে বাবার সঙ্গে দেখা করার কথা বলে বাসা থেকে বের। এর পরই সে নিখোঁজ হয়। কিছুক্ষণ পর এক যুবক মুঠোফোনে আরাফাতের বাবা শহিদুলকে জানান যে, তাঁর (শহিদুল) ছেলেকে অপহরণ করা হয়েছে এবং মুক্তিপণ হিসেবে তাঁর নিকট দুই লাখ টাকা দাবি করেন।