অপহরণের চার দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার
অপহরণের চার দিন পর সিরাজগঞ্জের সলঙ্গা থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাতে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের সলঙ্গা থানার সাতটিকরি গ্রামের পাশ থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত ওই ব্যবসায়ীর নাম মো. আমির হোসেন (৫৫)। তিনি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
সলঙ্গা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, শুক্রবার রাতে আমিরের লাশ উদ্ধার করা হয়। লাশের গলা রশি দিয়ে প্যাঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে রশি দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে এখানে ফেলে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহত আমিরের ছেলে সোহেল রানা বাদী হয়ে সলঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
সোহেল রানা বলেন, তাঁর বাবা গত মঙ্গলবার বগুড়ার সারিয়াকান্দি বাজারে পাট কিনতে বাড়ি থেকে বের হন। দুর্বৃত্তরা বাজারের পাশের রাস্তা থেকে ১০ লাখ টাকাসহ তাঁকে অপহরণ করে নিয়ে যায়। বৃহস্পতিবার রাতে অপহরণকারীরা তাঁর ভাই লাল মিয়ার কাছে ফোন করে বাবার মুক্তির জন্য ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এত টাকা একসঙ্গে দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়। এরপর অপহরণকারীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।