অপহরণের চার দিন পর লাশ উদ্ধার
পাবনার সুজানগর উপজেলার বোনখোলা গ্রাম থেকে রাফিজুল ইসলাম (২১) নামের এক তরুণকে অপহরণের চার দিন পর গতকাল রোববার সকালে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের বৃ-গোহাইলবাড়ী এলাকায় পদ্মা নদীতে তাঁর লাশ পাওয়া গেছে।
পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মুন্সী আবদুল কুদ্দুস বলেন, দুপুর ১২টার দিকে পদ্মা নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। খবর পেয়ে সুজানগর থেকে স্বজনেরা এসে লাশটি রাফিজুলের বলে শনাক্ত করেন।
নিহত রাফিজুল ইসলামের বাবা কোরবান আলী দাবি করেন, ২ সেপ্টেম্বর বিকেলে তাঁর ছেলের দুই সহকর্মী প্রতিবেশী রফিকুল মণ্ডল ও সুলতান শেখ বাড়ি থেকে রাফিজুলকে ডেকে নিয়ে যান। ওই দিন সন্ধ্যার পর মুঠোফোনে প্রথমে তাঁর কাছে এক লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। পরদিন তিনি বিষয়টি সুজানগর থানার পুলিশকে জানান এবং ওই দুজনসহ অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনকে আসামি করে একটি অপহরণ মামলা করেন। এরপর থেকে অপহরণকারীরা আট লাখ টাকা মুক্তিপণ দাবি করতে থাকে। এভাবে দুই দিন চলার পর তিনি ছেলের মৃত্যুর সংবাদ পান।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনার পর থেকেই অপহরণকারীদের ধরতে বেশ কিছু অভিযান চালানো হয়। কিন্তু তারা দ্রুত জায়গা পরিবর্তন করছিল। তাদের সবগুলো মুঠোফোন নম্বরও বন্ধ ছিল। ফলে তাদের অবস্থান নির্ণয় ও ধরা যায়নি।