অপহরণের চার দিন পর শিশু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ থেকে অপহৃত শিশু অপূর্ব সরকারকে (১০) চার দিন পর গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অপূর্ব কিশোরগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণকচুরি গ্রামের রথীন্দ্র সরকারের ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, অপূর্ব সরকার গত রোববার সকালে পাশের শ্যাম রায় বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যায়ও সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু তাঁরা তাকে কোথাও পাননি। পরদিন সোমবার বেলা ১১টার দিকে অজ্ঞাত একটি নম্বর থেকে অপূর্বর মায়ের মুঠোফোনে ফোন করে বলা হয়, অপূর্ব তাদের কাছে আছে। পরে অপহরণকারীরা আবার ফোন করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় অপূর্বর মা পান্না রানী সরকার সদর মডেল থানায় ওই দিনই একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে কিশোরগঞ্জের পুলিশ সুপার আনোয়ার হোসেন খান জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ফজলে রাব্বিকে নির্দেশ দেন। পরে ফজলে রাব্বির নেতৃত্বে পুলিশের একটি দল গতকাল ভোররাতে ঢাকায় অভিযান চালায়। এ সময় অপহরণকারী চক্রের মূল হোতা রহিমা আক্তারকে মহাখালী থেকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর স্বামী ইদ্রিস মিয়াকে তাঁদের গ্রামের বাড়ি ব্রাহ্মণকচুরি থেকে আটক করা হয়। পরে তাঁদের তথ্যের ভিত্তিতে ঢাকার মোহাম্মদপুর বটতলার একটি বাসা থেকে অপূর্বকে গতকাল সকালে উদ্ধার করা হয়। এ সময় রহিমার ছোট ভাই জসিমকে ওই বাসা থেকে আটক করে পুলিশ।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, এ ব্যাপারে পান্না রানী বাদী হয়ে গতকাল কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা করেছেন। আটক ওই তিনজনকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।