অপহরণের চার দিন পর শিশু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া উপজেলা থেকে অপহরণের চার দিন পর বাবুল হোসেনকে (১০) পাবনার আটঘরিয়া থানার রামচন্দ্রপুর গ্রাম থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পাবনার রামচন্দ্রপুর গ্রামের গোপেনশ্বর চন্দ্র সরকারকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।
বাবুল কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের ভোমবাগ গ্রামে ফিরোজ হোসেনের ছেলে। তার মায়ের নাম জোছনা বেগম। সে স্থানীয় ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নড়াইল পুলিশ সুপারের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বাবুল হোসেন অপহরণের কাহিনি ও উদ্ধার অভিযান সম্পর্কে জানান।
জোছনা বেগম বলেন, ‘আমার স্বামী ফিরোজ হোসেন বোম্বে থাকেন। তাঁর বাড়ি যশোরের বেনাপোলে। কয়েকবার তাঁকে বাড়িতে থাকার অনুরোধ জানাই। এ নিয়ে দুজনের মধ্যে মতপার্থক্য দেখা দেওয়ায় চার বছর আগে আমাকে তালাক দেন। আমি আমার ছেলেসন্তানকে নিয়ে বাবার বাড়ি ভোমবাগ গ্রামেই থাকি। ২২ জুলাই বাবুল প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে ছেলেকে ফেরত পেতে একটি মুঠোফোন থেকে ৭৫ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। উপায় না পেয়ে ২৫ জুলাই কালিয়া থানায় অপহরণ মামলা করি।’
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, মুঠোফোন নম্বর ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান জানা যায়। পরে কালিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আতিক হোসেনের নেতৃত্বে পুলিশ পাঠিয়ে পাবনা পুলিশের সহায়তায় বুধবার দুপুরে বাবুলকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে রামচন্দ্রপুর গ্রামের গোপেনশ্বর চন্দ্র সরকারকে গ্রেপ্তার করা হয়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া জানান, পুলিশ সুপার শিশু বাবুল ও তার মাকে কাপড়চোপড় দেন এবং বাবুলের লেখাপড়ার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।