অপহরণের চার দিন পর শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের চার দিন পর কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের একটি ডোবা থেকে জিহাদ (৮) নামের এক শিক্ষার্থীর বস্তাভর্তি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জিহাদ স্থানীয় ফুলকলি কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মির্জাপুর গ্রামের প্রবাসী বাবুল মিয়ার ছেলে জিহাদকে গত শনিবার সন্ধ্যায় নিজ বাড়ির সামনে থেকে অপহরণ করা হয়। পরে মুঠোফোনে অপহরণকারী একই গ্রামের রবিউল স্কুলছাত্র জিহাদের মা শাহেনা বেগমের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
ঘটনার পর দিন জিহাদের চাচা শহিদ মিয়া বাদী হয়ে মুরাদনগর থানায় অপহরণ মামলা করেন। পুলিশ গত সোমবার সকালে রবিউলকে ঢাকার কামরাঙ্গীরচর থেকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল ওই শিক্ষার্থীকে হত্যার বিষয়টি স্বীকার করে। গতকাল মঙ্গলবার সকাল আটটার দিকে রবিউলের ঘরের পেছনের একটি ডোবা থেকে বস্তাবন্দী অবস্থায় জিহাদের লাশ উদ্ধার করে পুলিশ।