অপহরণের চার দিন পর স্কুলছাত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের চার দিন পর টাঙ্গাইলের সখীপুরের স্কুলছাত্র আসিফ হোসেনকে (১৩) উদ্ধার করা হয়েছে। টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গত সোমবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বলিয়াদী এলাকা থেকে তাকে উদ্ধার করে।
সখীপুর পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী আসিফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জেলখানা মোড় এলাকায় বসবাস করে। গত সোমবার রাতে আসিফের বাবা নাজিম উদ্দিন বাদী হয়ে সখীপুর থানায় আবদুল আলীমকে প্রধান করে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন।
পুলিশ অপহরণের মূল হোতা আবদুল আলীমকে (৩০) গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ জানান। গত শুক্রবার আসিফ সখীপুর উপজেলা মসজিদে জুমার নামাজ পড়তে গিয়ে আর বাসায় ফেরেনি। পরে আসিফের বাবার মুঠোফোনে অপহরণকারীরা ৩৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।