অপহরণের চার দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অপহরণের চার দিন পর চাচাতো ভাইয়ের কক্ষে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে স্কুলছাত্র মাকসুদুল ইসলাম তুহিনের (৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার বগাদী কান্দাপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মাকসুদুল উপজেলার বগাদী কান্দাপাড়া গ্রামের দাঁতের চিকিৎসক কাজী নাছির উদ্দিনের ছেলে। পুলিশ এ ঘটনায় মাকসুদুলের চাচাতো ভাই মাহফুজুল ইসলামকে (১৭) আটক করেছে।
পুলিশ জানায়, টাকাপয়সা নিয়ে পারিবারিক বিরোধের জেরে মাকসুদুলকে অপহরণ করে মাহফুজ। পরে সে মাকসুদুলকে শ্বাসরোধে হত্যার পর লাশ ড্রামে ভরে ঘর তালাবদ্ধ করে পালিয়ে যায়।
আড়াইহাজার এসআই তানভির হোসেন জানান, খড়িয়া ব্র্যাক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র মাকসুদুল ৮ মে বিকেলে তাদের বাড়ির সামনে মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরের দিন সকালে তার বাবার মুঠোফোনে ফোন করে জানানো হয়, মাকসুদকে অপহরণ করা হয়েছে। ২০ লাখ টাকা মুক্তিপণ দিলে তাকে ছেড়ে দেওয়া হবে।
বিষয়টি নাছির উদ্দিন পুলিশকে জানান ও থানায় অভিযোগ করেন। ওই দিনই নাছির উদ্দিনের ছোট ভাই বিল্লাল হোসেনের ছেলে মাহফুজ তার চাচাতো ভাই মাকসুদুলকে খুঁজতে বের হয়। কিন্তু সে-ও আর বাড়িতে ফেরেনি। ওই দিন রাতে নাছির উদ্দিনকে ফোন করে অপহরণকারীরা জানায়, পুলিশকে জানানোয় তাঁর ভাতিজা মাহফুজকেও অপহরণ করা হয়েছে। ২০ লাখ টাকা মুক্তিপণ না দিলে দুজনকেই মেরে ফেলা হবে।
এরপর পুলিশ অপহৃতদের উদ্ধারে অভিযানে নামে। গতকাল দুপুরে প্রযুক্তির সহায়তায় নরসিংদীর বালাপুর এলাকা থেকে মাহফুজকে উদ্ধার করা হয়। তার আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে সে চাচাতো ভাই মাকসুদুলকে অপহরণ ও হত্যার কথা স্বীকার করে।