অপহরণের চেষ্টার দায়ে তিনজনের কারাদণ্ড
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গত শনিবার রাতে সাবেক স্ত্রীকে অপহরণ করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে সাবেক স্বামী ও তার দুই বন্ধু। অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলো সাবেক স্বামী জহুরুল ইসলাম, তার দুই বন্ধু রমজান আলী ও নাজমুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও মো. আবু সাঈদ মোল্লা।
উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৩ সালে উপজেলার আন্দারুপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে জহুরুল ইসলামের সঙ্গে পার্শ্ববর্তী বোনারপাড়া গ্রামের শাপলা বেগমের বিয়ে হয়। বিয়ের পর নিজেদের মধ্যে বনিবনা না হওয়ায় গত বছর উভয়ের সম্মতিতে দুজনের ছাড়াছাড়ি হয়ে যায়। সম্প্রতি জহুরুল শাপলাকে পুনরায় বিয়ে করতে চেয়ে মুঠোফোনে শাপলার বাবা-মায়ের কাছে প্রস্তাব দেয়। এতে তাঁরা সম্মতি না দেওয়ায় শনিবার মধ্যরাতে জহুরুল রমজান আলী ও নাজমুল ইসলামকে নিয়ে শাপলাদের বাড়িতে হানা দেয়। সবাই মুখে কালো কাপড়ের মুখোশ পরে শাপলাকে অপহরণের চেষ্টা করে। এ সময় বাড়িতে থাকা লোকজন চিৎকার করলে প্রতিবেশীরা এসে তিনজনকে আটক করেন।