অপহরণের ছয় দিন পর শিশু উদ্ধার
চট্টগ্রামে অপহরণের ছয় দিন পর একটি শিশুকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন মীর কাশেম ও জিয়াউর রহমান। গতকাল সোমবার দুপুরে বাঁশখালী উপজেলার ছনুয়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে নগরের চান্দগাঁও থানার পুলিশ।
শিশুটির বাবা ব্যবসায়ী মো. জাহেদ প্রথম আলোকে বলেন, গত ২৭ জানুয়ারি বিকেলে চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকের ভাড়া বাসা থেকে নিচে খেলতে নামে তাঁর পাঁচ বছরের শিশুকন্যা। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ওই দিন রাতে চান্দগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিন দিন পর তাঁর মুঠোফোনে অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করে। বিকাশের মাধ্যমে টাকাগুলো পরিশোধ করতে বলে। বিষয়টি পুলিশকে জানানো হলে অপহরণকারীদের মুঠোফোন ট্র্যাকিং করে অবস্থান শনাক্ত করা হয়। গত দুদিন কক্সবাজারের কুতুবদিয়া ও জেলার বাঁশখালীতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।
চান্দগাঁও থানার এসআই নুরুল ইসলাম জানান, কুতুবদিয়া থেকে মীর কাশেম ও জিয়াউর রহমান নামের দুই যুবককে আটক করা হয়। তাঁদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। তবে সেখান থেকে কাউকে আটক করা যায়নি।