অপহরণের ছয় দিন পর স্কুলছাত্রের খণ্ডিত লাশ
রাজশাহীর মোহনপুর উপজেলায় অপহরণের ছয় দিন পর গতকাল শুক্রবার সকালে ফজলে হোসেন নামের এক স্কুলছাত্রের খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মাথা বিচ্ছিন্ন ছিল। এ ছাড়া একটি হাত পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িত সন্দেহে নয়জনকে আট করে পুলিশ। তাঁদের মধ্যে আটজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ফজলে হোসেনের বাড়ি উপজেলার বেড়াবাড়ি গ্রামে। সে বেড়াবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। তার বাবা একজন রাজমিস্ত্রি।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার করা ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, অপহরণের দু-তিন ঘণ্টার মধ্যে ফজলে হোসেনকে (১০) হত্যা করা হয়। পরে বেড়াবাড়ি গ্রামের ডাইংপাড়া মাঠে তার লাশ পুঁতে রাখা হয়। এরপর অপহরণকারীরা ১০ লাখ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টা করে। গতকাল সকাল পৌনে সাতটার দিকে মাটি খুঁড়ে ফজলে হোসেনের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
ফজলের বাবা আলী হোসেন প্রথম আলোকে জানান, ২০ ডিসেম্বর সন্ধ্যায় তিনি পাড়ার একটি মুদির দোকানে বসে গল্প করছিলেন। একপর্যায়ে তাঁর ছেলে ফজলে গিয়ে বলে, ‘আম্মু ডাকছে।’ তিনি বলেন, ছেলেকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার প্রায় ১০ মিনিট পর বাড়ি যান। তখন ছেলেকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন তিনি মোহনপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পরের দিন ২২ ডিসেম্বর দুপুরে একই গ্রামের শাহাবুদ্দিন (২৮) নিজের মুঠোফোন থেকে অপর একজনের সঙ্গে তাঁকে কথা বলিয়ে দেন। ওই ব্যক্তি ফজলেকে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। তিনি বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানান।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল করিম জানান, শাহাবুদ্দিনের মুঠোফোনের কললিস্টের সূত্র ধরে গত বুধবার বিকেলে নিজ বাড়ি থেকে বেড়াবাড়ি গ্রামের আমিনুল ইসলাম (৩০), শাহাবুদ্দিন (২৮) এবং পবা উপজেলার বাগ্ধানি গ্রামের জাহাঙ্গীর হোসেনকে (২৮) আটক করা হয়।
ওই তিনজনের দেওয়া তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নগরের কোর্ট এলাকা থেকে বেড়াবাড়ি গ্রামের আলাউদ্দিন (৫২) নামের আরেকজনকে আটক করা হয়। ওই দিন রাতে বেড়াবাড়ি গ্রামের নারীসহ আরও পাঁচজনকে আটক করা হয়। তাঁরা হলেন কাশেম উদ্দিন (৫০), তাঁর স্ত্রী আশিনুর বেগম (৩০), ছেলে মাজেদুল ইসলাম (২৮), নাজমুল হোসেন (১৮) ও রিপন হাসান (২০)।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হামিদ গতকাল সন্ধ্যায় জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারণা করা হচ্ছে, নাজমুল ও মাজেদুল এ অপহরণ এবং হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। আলাউদ্দিনকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁকে ছাড়া এরই মধ্যে অন্যদের গ্রেপ্তার দেখানো হয়েছে।