অপহরণের তিন দিন পর গতকাল বুধবার সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা এলাকা থেকে এমরান হোসেন (১২) ও লোকমান হাকিম (১০) নামের দুই শিশু শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। অপহরণে জড়িত অভিযোগে পুলিশ মো. তোহা নামের এক রোহিঙ্গা শরণার্থীকে গ্রেপ্তার করেছে।
পুলিশের ভাষ্য, দুই শিশুকে কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের রোহিঙ্গা অপহরণকারী চক্র অপহরণ করেছিল। গ্রেপ্তার তোহা ওই চক্রের সক্রিয় সদস্য। ঘটনায় আরও কয়েকজন রোহিঙ্গা জড়িত। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পরিবার জানায়, শিশু এমরান ও লোকমান কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ভূশ্চি জামিয়া নূরানী মাদ্রাসার শিক্ষার্থী। তারা সেখানেই থাকে। গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে তারা নিখোঁজ হয়। ৭ সেপ্টেম্বর সকালে এক অচেনা লোক এমরানের মায়ের মুঠোফোনে যোগাযোগ করে এমরান ও লোকমানকে তারা অপহরণ করেছে বলে জানায়। ওই লোক ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এ নিয়ে দর-কষাকষির একপর্যায়ে ওই লোক তিন হাজার টাকা মুক্তিপণে রাজি হয় এবং একটি বিকাশ নম্বর দিয়ে তা পাঠিয়ে দিতে বলে। এমরানের পরিবার ওই নম্বরে তিন হাজার টাকা বিকাশ করে। কিন্তু দুই শিশুকে ফেরত না দেওয়ায় অনিশ্চয়তা দেখা দেয়। ওই দিন বিকেলে এমরানের ভাই মোজাহিদুল ইসলাম অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা করেন। তদন্তে নামে পুলিশ।
সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আইয়ুব বলেন, তদন্তে দেখা যায় অপহরণকারীদের ওই মুঠোফোনের নম্বরটির অবস্থান কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে। পরে ৭ সেপ্টেম্বর রাতে পুলিশ ওই ক্যাম্পে অভিযান চালিয়ে তিন হাজার টাকা ও একটি মুঠোফোনসহ রোহিঙ্গা শরণার্থী তোহাকে গ্রেপ্তার করে। তোহা অপহরণের কথা স্বীকার করে জানান, দুই শিশু রোহিঙ্গা শরণার্থী সেলিম মিয়া ও মনু খলিফার কাছে আছে। এরপর পুলিশ শরণার্থী ক্যাম্প থেকে অদূরে সেলিম মিয়ার বাড়িতে অভিযান চালায়। সেখানে সেলিমকে পাওয়া যায়নি। তবে তাঁর স্ত্রীকে আটক করে তাঁর মাধ্যমে সেলিমের সঙ্গে যোগাযোগ করা হয়। পুলিশের উপস্থিতির কথা জানতে পেরে সেলিম ওই দুই শিশুকে ছেড়ে দেবেন বলে জানান। শেষমেশ গতকাল সকাল ১০টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বাগমারা বাজার মসজিদের সামনে থেকে ওই দুই শিশুকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সেলিম ও মনুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ কর্মকর্তা আইয়ুব বলেন, এমরানের ভাইয়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার তোহাকে আদালতে হাজির করা হবে। দুই শিশুর বক্তব্যও রেকর্ড করা হয়েছে। তারা জানিয়েছে, ৬ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে মাদ্রাসার সামনে অচেনা কয়েকজন তাদের ধরে একটি সিএনজিচালিত অটোরিকশায় তোলে। এরপর তাদের অচেনা জায়গায় নিয়ে যাওয়া হয়।
এমরানের ভাই মোজাহিদুল ইসলাম বলেন, ‘ভাইকে জীবিত পেয়েছি, এটাই বড় কথা। পুলিশকে ধন্যবাদ।’