অপহরণের তিন দিন পর ছাত্রকে উদ্ধার, আটক ৩
বিপুল হোসেন নামের অপহৃত নবম শ্রেণির মাদ্রাসা ছাত্রকে জয়পুরহাট থেকে উদ্ধার করা হয়েছে। অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জয়পুরহাট থানা-পুলিশ তিন যুবককে আটক করেছে।
আটক ব্যক্তিরা হলো জয়পুরহাট পৌর এলাকার সাগরপাড়া গ্রামের নয়ন শেখ ও তার ভাই টগর শেখ এবং সাখিদারপাড়ার কাউছার হোসেন।
বিপুলের বাবা মোস্তাফিজুর রহমান ও মামা নূর আলম জানান, গত শুক্রবার সন্ধ্যার পর থেকে বিপুলের কোনো খোঁজখবর না পেয়ে তার বন্ধুসহ আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করতে থাকেন। হঠাৎ করে রোববার সকালের দিকে মুঠোফোনে নয়ন পরিচয় দিয়ে জানায়, বিপুল জয়পুরহাটে তাদের হেফাজতে আছে। ছেলেকে পেতে হলে ২০ হাজার টাকা নিয়ে আসতে বলেন। না হলে ছেলের মারাত্মক ক্ষতি হবে। তাঁরা নিজেরা বিপুলকে উদ্ধার করতে না পেরে পুলিশকে জানান।
জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, বিপুলের বাবা ও তাঁর স্বজনেরা থানায় বিষয়টি জানালে পুলিশ তাকে উদ্ধারের জন্য রোববার সন্ধ্যা থেকে মুঠোফোনের সূত্র ধরে চেষ্টা চালায়। গতকাল সোমবার দুপুরে বিপুলকে উদ্ধারের পর তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় বিপুলের বাবা মামলা করবেন বলে জানিয়েছেন।
থানা-পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার বগুড়ার কাহালু উপজেলার ভূগইল গ্রামের বিপুল হোসেনকে ডেকে নিয়ে অপহরণ করে জয়পুরহাট শহরের সাগরপাড়ায় নয়নের বাড়িতে আটকে রাখে।