অপহরণের তিন দিন পর ছাত্রী উদ্ধার, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপহরণের তিন দিন পর ফেনীর সোনাগাজীর কলেজছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোনাগাজী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক টুটুল পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও ছাত্রীর পরিবার জানায়, টুটুল পাটোয়ারী বেশ কিছুদিন ধরে কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। গত রোববার সকালে কলেজ গেট থেকে ওই ছাত্রীকে টুটুল তুলে নিয়ে যান। পরে ছাত্রীর পরিবারের কাছে ৯ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। বিষয়টি পুলিশকে জানানো হলে বুধবার রাতে টুটুলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, টুটুলের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল বৃহস্পতিবার সকালে ফেনী শহরের একটি বাসা থেকে ছাত্রীকে উদ্ধার করা হয়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, টুটুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।