অপহরণের তিন দিন পর ছাড়া পেলেন স্বতন্ত্র প্রার্থীর ভাই
খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হেমব্রত চাকমার ছোট ভাই পূর্ণ জীবন চাকমাকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। অপহরণের তিন দিন পর গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ইউনিয়নের দুর্গম লম্বাছড়া এলাকায় তাঁকে ফেলে যায় অপহরণকারীরা। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে।
পূর্ণ জীবন চাকমা বলেন, গত শুক্রবার অপহরণ করে নিয়ে যাওয়ার সময় তাঁকে মারধর করা হয়। তাঁর চোখ বেঁধে দুর্গম পাহাড়ে নিয়ে যাওয়া হয়। গতকাল বিকেলে চোখ বেঁধে প্রায় দুই ঘণ্টা পাহাড়ি পথ হাঁটানো হয় তাঁকে। পরে লম্বাছড়া সেগুনবাগান এলাকায় তাঁকে ছেড়ে দেয় অপহরণকারীরা।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পূর্ণ জীবন চাকমাকে লম্বাছড়া এলাকায় অপহরণকারী আটকে রেখেছে—এমন সংবাদ পেয়ে গতকাল বিকেলে সেখানে অভিযান চালানো হয়। অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পূর্ণ জীবন চাকমাকে লম্বাছড়া সেগুনবাগান এলাকায় ছেড়ে দিয়ে পালিয়ে যায়।
শুক্রবার নির্বাচনী প্রচারণা চালাতে গেলে চৌধুরীপাড়া এলাকা থেকে অস্ত্রধারীরা পূর্ণ জীবন চাকমাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে হেমব্রত চাকমার সমর্থকেরা বেতছড়ি এলাকায় কয়েক দফা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। অপহরণ ঘটনায় শনিবার তাঁর মামা বুদ্ধ রঞ্জন চাকমা বাদী হয়ে মামলা করেন।