অপহরণের তিন দিন পর শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপহরণের তিন দিন পর মো. ইমন হোসেন নামের সাত বছরের এক শিশুকে উদ্ধার করেছে র‍্যাব-৮-এর একটি দল। এ অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছবিতে উদ্ধারের পর দাদা মো. আরশাদ আলীর কোলে শিশু ইমন। ছবি: পান্না বালা
অপহরণের তিন দিন পর মো. ইমন হোসেন নামের সাত বছরের এক শিশুকে উদ্ধার করেছে র‍্যাব-৮-এর একটি দল। এ অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছবিতে উদ্ধারের পর দাদা মো. আরশাদ আলীর কোলে শিশু ইমন। ছবি: পান্না বালা

মানিকগঞ্জ থেকে অপহরণের তিন দিন পর ফরিদপুর থেকে উদ্ধার করা হয়েছে এক শিশু। আজ সোমবার সকাল সোয়া সাতটার দিকে ফরিদপুর শহরের নতুন বাস টার্মিনাল এলাকা থেকে মো. ইমন হোসেন (৭) নামের ওই শিশুকে উদ্ধার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অপহরণে জড়িত সন্দেহে এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মো. ইমন হোসেন মানিকগঞ্জ সদরের নালরা গ্রামের মালদ্বীপপ্রবাসী মো. আকতার হোসেনের ছেলে।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন ফরিদপুরের ভাঙা উপজেলার ঘাড়ুয়া ইউনিয়নের খামিনারবাক গ্রামের মো. আনোয়ার হোসেন (২৮) ও তাঁর সহযোগী একই ইউনিয়নের ডাঙারপাড় গ্রামের হেনোরা বেগম (৩৫)।
মো. আনোয়ার হোসেন ‘ফয়সাল’ ছদ্মনামে ইমনের বাবা মো. আকতার হোসেনের বাড়িতে শ্রমিক হিসেবে কাজ করতেন। গত শুক্রবার আনোয়ার হোসেন বেলা সাড়ে তিনটার দিকে সিনেমার শুটিং দেখানোর কথা বলে শিশু ইমনকে বাড়ি থেকে নিয়ে যান। পরদিন তিনি মুঠোফোনে ইমনের পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা দাবি করেন।
এ ব্যাপারে ইমনের দাদা মো. আরশাদ আলী বাদী হয়ে গত শনিবার ছদ্মনাম ধারণকারী ফয়সালকে (মো. আনোয়ার হোসেন) আসামি করে মানিকগঞ্জ সদর থানায় একটি অপহরণ মামলা করেন।
র‍্যাবের ভাষ্যমতে, এ ব্যাপারে ইমনের পরিবার র‍্যাবের ফরিদপুর ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করে। পরে র‍্যাব উদ্ধার অভিযান শুরু করে। অনুসন্ধানে জানা যায়, মো. আনোয়ার হোসেন ‘ফয়সাল’ ছদ্মনাম নিয়ে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে অপহরণ চক্রের সঙ্গে যোগসাজশে অপহরণ কার্যক্রম চালিয়ে আসছেন। র‍্যাব-৮-এর একটি দল আজ সোমবার সকাল সোয়া সাতটার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লার নতুন বাসস্ট্যান্ড থেকে শিশু ইমনকে উদ্ধার করে।

র‍্যাব ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন প্রথম আলোকে জানান, শিশু ইমনকে উদ্ধারের পর তার দাদা মো. আরশাদ আলীর কাছে দেওয়া হয়েছে। গ্রেপ্তার হওয়া মো. আনোয়ার হোসেন এবং তাঁর সহযোগী হেনোরা বেগমকে মানিকগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে।