অপহরণের তিন দিন পর শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাঁচবিবি-বারোকান্দি সড়কের পাশ থেকে আজ শুক্রবার ভোরে আরাধ্যা রানি সরকার নামের আড়াই বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার দুপুরের দিকে বাড়ির পাশ থেকে শিশুটিকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় দুই যুবককে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।

আরাধ্যা উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রশিদপুর মোলান বাজার এলাকার কাপড় ব্যবসায়ী পরেশ চন্দ্র সরকারের মেয়ে। পরেশ চন্দ্র বলেন, আরাধ্যাকে মোলান বাজারে তাঁদের বাড়ির সামনে থেকে গত মঙ্গলবার বেলা একটার দিকে অপহরণ করে দুর্বৃত্তরা। ওই দিন বেলা দেড়টার দিকে একটি মুঠোফোন থেকে অপহরণের কথা জানিয়ে তাঁর কাছে মুক্তিপণ দাবি করে। তবে অপহরণকারীরা কোনো টাকার অঙ্ক উল্লেখ করেনি। কিন্তু পরে ফোন করা হলে অপহরণকারীদের ওই মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে তিনি ওই দিন পাঁচবিবি থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন।
পরেশ চন্দ্র বলেন, ‘টাকা দিয়েও মেয়েকে ফিরে পাওয়ার চেষ্টা চালিয়েছি। কিন্তু অপহরণকারীদের মুঠোফোন বন্ধ থাকায় তাদের সঙ্গে যোগাযোগও করতে পারিনি। অবশেষে মেয়েকে মৃত অবস্থায় পেয়েছি।’
পুলিশ জানায়, আজ শুক্রবার ভোরে পাঁচবিবি-বারোকান্দি সড়কের উত্তর পার্শ্বে বাড়ির ২০ গজ দুরে রশিদপুর মোলান বাজারের একটি পুকুর পাড়ে আরাধ্যার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে নিয়ে যায়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, অপহরণের দিন সন্ধ্যার দিকে আরাধ্যার বাবা অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেছিলেন। ওই মামলা অপহরণের পর হত্যা মামলা হিসেবে গণ্য হবে। জিজ্ঞাসাবাদের জন্য ওই এলাকার দুই যুবককে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে শিশুটির মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।