অপহরণের তিন দিন পর সিএনজিচালকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার পুলিশ গতকাল শুক্রবার দুপুরে করপাড়া গ্রামের ওয়াজি বাড়ির বাগান থেকে অপহৃত সিএনজিচালক সোহেল আহম্মেদের (৩০) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে। সোহেল নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর গ্রামের আবদুল বারেকের ছেলে।
সোহেলের বোন পারভীন আক্তার জানান, তাঁর ভাই গত বুধবার রাত ১০টার দিকে বাড়ি যাওয়ার সময় সন্ত্রাসীরা অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। বুধবার গভীর রাতে সন্ত্রাসীরা তাঁর পরিবারের কাছে সাড়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তবে এ ঘটনার জন্য স্থানীয় সন্ত্রাসী ইয়াছিন ও আলাউদ্দিনকে দায়ী করছেন পারভীন আক্তার।
এ ঘটনায় সোহেলের মা আলেয়া বেগম বুধবার রাতে চাটখিল থানায় জিডি করেন। এরপর সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে সোহেলের পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। অপহরণের তিন দিন পর গতকাল শুক্রবার সকালে করপাড়া-সাহাপুর গ্রামের মধ্যবর্তী ওয়াজি বাড়ির বাগানে সোহেলের লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।
রামগঞ্জ থানার ওসি লোকমান হোসেন জানান, সন্ত্রাসীরা সোহেলকে পিটিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।