অপহরণের তিন দিন পর স্কুলছাত্রী উদ্ধার, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের তিন দিন পর গত রোববার রাতে সদর উপজেলার দুর্গাপুর গ্রাম থেকে তাকে উদ্ধার করেছেন তার স্বজনেরা। এই ঘটনায় ওই ছাত্রীর মা গত সোমবার রাতে তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কমলগঞ্জ থানায় মামলা করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুর ১২টার দিকে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে কমলগঞ্জ উপজেলার বড়চেগ গ্রামের সাজু মিয়াসহ (২৪) কয়েকজন ওই ছাত্রীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। গত শনিবার দুপুরে ছাত্রীর এক চাচার মুঠোফোনে ফোন করে মুক্তিপণ হিসেবে তিন লাখ টাকা দাবি করেন অপহরণকারীরা। পুলিশ সূত্রে জানা গেছে, অপহরণকারীরা ওই ছাত্রীর চাচাকে মুক্তিপণের টাকা শেরপুরের দুর্গাপুর গ্রামের প্রবাসী আলী হুসেনের বাড়িতে পৌঁছে দিয়ে ছাত্রীকে ছাড়িয়ে নেওয়ার জন্য বলেন। পরদিন ৮ মে বেলা তিনটায় পরিবারের লোকজন ওই ছাত্রীকে উদ্ধারের জন্য সাজু মিয়ার আত্মীয় আলী হুসেনের বাড়িতে যান। পরে তাঁরা ওই বাড়ির তালাবদ্ধ একটি কক্ষ থেকে শিকলে বাঁধা অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে।