অপহরণের তিন দিন পরও স্কুলছাত্রী উদ্ধার হয়নি
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় অপহরণের তিন দিন পরও এক স্কুলছাত্রীকে (১৬) উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায়
গতকাল সোমবার ছাত্রীর বাবা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় একটি অপহরণ মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, স্থানীয় এক বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রী গত শনিবার সকালে ঘোড়াউত্রা নদীতে হাত-মুখ ধোঁয়ার জন্য যায়। এর আগে থেকেই উপজেলার সিংপুর ইউনিয়নের গোড়াদীঘা গ্রামের বখাটে রবিন তার কয়েকজন বন্ধু নিয়ে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে সেখানে অবস্থান করছিল। ওই ছাত্রী পানিতে নামার সঙ্গে সঙ্গেই রবিন ও তার বন্ধুরা জোর করে তাকে নৌকায়
তোলে। এ সময় ছাত্রীর চিৎকারে তার বাবা ও এলাকার লোকজন এগিয়ে এলে রবিন তাকে (ছাত্রী) নিয়ে নৌকায় করে পালিয়ে যায়।
ওই ছাত্রীর বাবা বলেন, ‘বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে আমার মেয়েকে বখাটে রবিন কুপ্রস্তাব দিত। বিষয়টি রবিনের পরিবারের লোকজন ও এলাকার মুরব্বিদের জানালে রবিন ক্ষিপ্ত হয়। এর জের ধরে রবিন আমার মেয়েকে অপহরণ করে।’
এ ব্যাপারে রবিনের চাচা সিংপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুর রউফ জানান, রবিনের বাবা মারা যাওয়ার পর থেকে সে তাঁদের কথা শোনে না। বেপরোয়া চলাফেরা করে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলম গতকাল দুপুরে জানান, এ ঘটনায় ওই ছাত্রীর বাবা গতকাল রবিনকে প্রধান আসামি ও আরও চারজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেছেন। ওই ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তার করতে পুলিশের একটি দল বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে।