অপহরণের তিন মাস পর শিশু উদ্ধার
লক্ষ্মীপুর জেলার কমলনগর থেকে তিন মাস আগে অপহৃত মো. মাছুমকে (৫) গতকাল বুধবার রাতে সিলেট বিমানবন্দর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মাছুমের বাবা কমলনগর উপজেলার চর জগবন্ধু গ্রামের মো. মোস্তফা। তিনি বলেন, দুই বছর আগে তাঁর মেয়ে নুর নাহার ঢাকার একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করার সময় হৃদয় নামে একজনের সঙ্গে বিয়ে হয়। সেই হৃদয় গত ৬ আগস্ট বিকেল সাড়ে চারটার দিকে মাছুমকে বাড়ি থেকে কৌশলে অপহরণ করে নিয়ে যান এবং মোবাইলে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। এ ঘটনায় তিনি কমলনগর থানায় একটি মামলা দায়ের করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বলেন, অপহৃত শিশুকে উদ্ধারের জন্য সিলেট বিমানবন্দর এলাকায় বুধবার রাতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাছুমকে রেখে অপহরণকারী পালিয়ে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে কমলনগর থানায় নিয়ে আসে। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।