অপহরণের তিন মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী
অপহরণের প্রায় তিন মাস পরও ময়মনসিংহের নান্দাইল উপজেলার এক স্কুলছাত্রীর খোঁজ মেলেনি। মেয়েটি বেঁচে আছে কি না, তা-ও জানতে না পারায় পরিবারটি উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে।
মেয়েটির বাড়ি উপজেলার আচারগাঁও ইউনিয়নের একটি গ্রামে। সে স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। মেয়েটির মা গত ৮ এপ্রিল ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন। এতে প্রতিবেশী এক তরুণসহ পাঁচজনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ আনা হয়।
মেয়েটির মা অভিযোগ করে বলেন, বিদ্যালয়ে যাওয়া-আসার পথে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করতেন প্রতিবেশী কামাল উদ্দিনের ছেলে মো. ইয়াছিন মিয়া (২৩)। এ ঘটনায় তিনি ইয়াছিনের অভিভাবকের কাছে বিচার দেন। কিন্তু কোনো বিচার পাননি। ৩ এপ্রিল তাঁরা বিদ্যালয়ের শিক্ষকদের কাছে বিচার দেন। ওই দিন ইয়াছিন সেখানে গিয়ে মেয়েকে বিয়ের প্রস্তাব দেন। পরে উপায় না দেখে তাঁরা মেয়ের বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে ইয়াছিন চারজন সহযোগীর সহায়তায় ৭ এপ্রিল সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ির সামনে থেকে মেয়েটিকে অপহরণ করে নিয়ে যান। এরপর থেকে মেয়ের কোনো খোঁজ পাননি। মেয়েটি এখন বেঁচে আছে কি না, তা-ও জানেন না তাঁরা। এ অবস্থায় চরম উদ্বেগ নিয়ে দিন কাটছে তাঁদের।
অভিযোগের বিষয়ে জানতে গত রোববার দুপুরে বাড়িতে গিয়ে ইয়াছিনকে পাওয়া যায়নি। বাড়িতে অন্যরা তাঁর সম্পর্কে কোনো কথা বলতে রাজি হননি।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী বলেন, আদালত থেকে নির্দেশনা এলে পুলিশ মেয়েটিকে উদ্ধার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।