ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ঠাকুরকে অপহরণের দুই ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সরাইল উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা রফিক উদ্দিনকে অপহরণের ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে সরাইল উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বারের সভাপতিত্বে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার বিকেল তিনটার দিকে রফিক উদ্দিন তাঁর ব্যক্তিগত গাড়ি নিয়ে জেলা সদরে একজন আইনজীবীর সঙ্গে দেখা করতে আদালতে যাচ্ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা রেলক্রসিং অতিক্রম করার পর তিনি একজনের ফোন কল পান। ওই লোকের সঙ্গে দেখা করতে পুনিয়াউট এলাকায় গাড়ি থেকে তিনি নামেন। তাঁর সঙ্গে কথা বলতে বলতে সামান্য এগিয়ে গেলেই তিনি গাড়ির আড়াল হন। পরে আরও দুই তরুণ এগিয়ে এসে তাঁকে জোর করে সামান্য দূরের একটি বাড়িতে নিয়ে আটকে ফেলেন। এ সময় অপহরণকারীদের সঙ্গে আরও তিন তরুণ ও এক তরুণী যুক্ত হন।
এ সময় অপহরণকারীরা রফিকের কাছে মুক্তিপণ হিসেবে তিন লাখ টাকা দাবি করে। রফিক টাকা দিতে সম্মত হলে চলে টাকা দেওয়ার প্রক্রিয়া নিয়ে আলোচনা। বিকেল পাঁচটার দিকে ওই বাড়ির পাশের এক নারীর কাছ থেকে খবর পায় পুলিশ। কিছুক্ষণ পর পুলিশ সেখানে গিয়ে রফিককে উদ্ধার করে। এ সময় পুলিশ অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে হৃদয় মিয়া (২৩) ও রফিকুল ইসলাম (২৪) নামের দুই যুবককে গ্রেপ্তার করে। হৃদয় মিয়া নাসিরনগর আর রফিকুল ইসলাম নবীনগর উপজেলার বাসিন্দা।
এ ঘটনায় গত সোমবার রাতে রফিক উদ্দিন বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেছেন।
রফিক উদ্দিন ঠাকুর বলেন, ‘আমার প্রাণনাশের জন্যই এ ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনার সঙ্গে সরাইলের একটি মহল জড়িত রয়েছে। ২০১২ সালে আমি যখন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম, তখন যারা আমাকে হত্যা মামলায় জড়িয়েছিল, তারাই এ ঘটনা ঘটিয়েছে।’