অপহরণের দুই দিন পর নববধূ উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার মাটিডালি মোড় এলাকা থেকে গতকাল শনিবার এক নববধূকে (২০) উদ্ধার করেছে পুলিশ। দুপচাঁচিয়া উপজেলা থেকে চাকরির প্রলোভন দিয়ে গত বৃহস্পতিবার তাঁকে অপহরণ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন বগুড়ার কাহালু উপজেলার বড় ভাদাহার গ্রামের আবদুল মজিদ (২৪), শিবগঞ্জ উপজেলার দুদাহার পূর্বপাড়া এলাকার সবুজ সরকার (২৩) ও মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার সারারিয়া গ্রামের মনির হোসেন (২৬)।
দুপচাঁচিয়া থানার পুলিশ ও পরিবার সূত্র জানায়, চলতি মাসের প্রথম সপ্তাহে ওই তরুণীর বিয়ে হয়। গত সোমবার স্বামীসহ তিনি বাবার বাড়িতে আসেন। ওই তরুণীর সঙ্গে মনিরের পরিচয় ছিল। পোশাক কারখানায় চাকরির প্রলোভনে বৃহস্পতিবার কাউকে না জানিয়ে ওই তরুণী মনির ও তাঁর সঙ্গীদের সঙ্গে বাড়ি থেকে চলে যান। এরপর থেকে তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। শুক্রবার আবদুল মজিদ মুঠোফোনে যোগাযোগ করে খোঁজ দেবেন বলে ওই তরুণীর খালুর কাছে টাকা দাবি করেন। সন্ধ্যায় টাকা নিতে দুপচাঁচিয়া উপজেলা সদরের বম্বুপাড়ায় মজিদ ও তাঁর সঙ্গী সবুজ সরকার এলে স্থানীয় লোকজন তাঁদের আটক করে পুলিশে দেন। পরে গতকাল ভোররাতে বগুড়ার মাটিডালি মোড় থেকে ওই তরুণীসহ মনিরকে আটক করে পুলিশ। এ ঘটনায় তরুণীর স্বামী চারজনকে আসামি করে মামলা করেছেন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, অপহরণের মামলা নেওয়া হয়েছে।