অপহরণের দুই দিন পর শিশু উদ্ধার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অপহৃত ৬ বছরের শিশু ইসমাইল হোসেনকে দুই দিন পর আজ বৃহস্পতিবার নড়াইল থেকে উদ্ধার করেছে পুলিশ। এতে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করে পুলিশ।
আটক দুজন হলেন শিশু ইসমাইলের ফুপাতো ভাই সাখাওয়াত হোসেন ও বাগেরহাট জেলার মোল্লারহাট থানা এলাকার রাসেল মিয়া। ইসমাইল রূপগঞ্জ বরপা পূর্বপাড়া এলাকার ওমান প্রবাসী ইব্রাহিম মিয়ার ছেলে। সে নার্সারির ছাত্র বলে জানিয়েছে পুলিশ।
রূপগঞ্জ থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল ইসলাম বলেন, গত ১৪ মার্চ স্কুল থেকে ফেরার পথে বাড়ির সামনে থেকে ইসমাইলকে চকলেট কিনে দেওয়ার কথা বলে সিএনজিচালিত অটোরিকশায় করে নিয়ে যায় সাখাওয়াত হোসেনসহ কয়েকজন। ওই দিন রাতেই ইসমাইলের মা বিষয়টি পুলিশকে জানায়। অপহরণকারীরা প্রথমে ১০ কোটি টাকা মুক্তিপণ দাবি করে। পরে দর-কষাকষির একপর্যায়ে অপহরণকারীরা ১০ লাখ টাকা দাবি করে। ইসমাইলকে উদ্ধারে পুলিশের দুটি দল অভিযানে নামে। অপহরণকারীরা বারবার অবস্থান বদলাতে থাকে। অপহরণকারীরা মুক্তিপণের টাকা পাঠাতে নড়াইলের বিকাশ নম্বর দেয়। পরে পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নড়াইল জেলার নড়াগাতী থানার কালাবাড়িয়া এলাকা থেকে ইসমাইলকে উদ্ধার করে এবং দুজনকে আটক করে।