অপহরণের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপহরণের দুই দিন পর মাসুম বিল্লাহ নামের চার বছরের এক শিশুর লাশ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার তারাব পৌরসভার কান্দাপাড়া এলাকার ডোবা থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত মাসুম বিল্লাহ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার এলাকার সেলিম মিয়ার ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, এ ঘটনায় নিহত মাসুমের নানা পালিশ মিয়া বাদী হয়ে গতকাল শুক্রবার থানায় হত্যা মামলা করেছেন।পুলিশ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন তারাব পৌরসভার কান্দাপাড়া এলাকার আবদুল কুদ্দুসের ছেলে হৃদয় মিয়া (২২) এবং একই এলাকার হোসেন মিয়ার ছেলে নুরুজ্জামান (২৬)।
রূপগঞ্জ থানার পুলিশ সূত্র জানায়, গত বুধবার সকালে তারাবর নতুন বাজার এলাকা থেকে মাসুমকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে অপহরণকারীরা মাসুমের মামা মিলন মিয়ার মুঠোফোনে ফোন করে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা দেওয়া না হলে মাসুমকে হত্যার হুমকি দেয় অপহরণকারীরা। বিষয়টি পুলিশকে না জানানোর জন্যও তাঁকে শাসায় তারা। ওই দিনই মাসুমের পরিবার অপহরণকারীদের দুই দফায় বিকাশের মাধ্যমে মোট আট হাজার টাকা পরিশোধ করে।
ওসি মাহমুদুল ইসলাম আরও জানান, মাসুম কান্নাকাটি করতে থাকলে ওই দিন দুপুরেই অপহরণকারীরা তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ কান্দাপাড়া এলাকার ইটভাটার পাশের ডোবার কচুরিপানার নিচে ডুবিয়ে রাখে। বিষয়টি মাসুমের পরিবারকে না জানিয়ে তারা বাকি টাকা পরিশোধের জন্য মুঠোফোনে চাপ দিতে থাকে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় মাসুমের পরিবার বিষয়টি পুলিশকে জানালে মুঠোফোন ট্র্যাকিং করে হৃদয়কে আটক করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী রাত ১১টার দিকে ওই ডোবা থেকে মাসুমের লাশ উদ্ধার করা হয়। হৃদয় পুলিশকে জানিয়েছেন, তিনিসহ নুরুজ্জামান ও ওসমান বুধবার সকালে মাসুমকে অপহরণ করেন। কিন্তু শিশুটি কান্নাকাটি শুরু করলে ওই দিন দুপুরেই তাঁরা তাকে শ্বাসরোধে হত্যা করেন।
ওসি জানান, পুলিশ গতকাল সকালে ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে অপহরণের মূল হোতা নুরুজ্জামানকে গ্রেপ্তার করেছে। অপর আসামি ওসমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
যুবকের লাশ উদ্ধার: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, গতকাল সকালে উপজেলার নবীগঞ্জ বাগবাড়ি এলাকার সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত লাশটি উদ্ধার করে। নিহতের পরনে কালো প্যান্ট ও গোলাপি রঙের গেঞ্জি ছিল। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।