অপহরণের দুই দিন পর স্কুলছাত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুগঞ্জ থেকে অপহরণের দুই দিন পর গত রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা থেকে জাহিদ হাসান (১১) নামের এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
অপহরণের শিকার জাহিদ সরাইল উপজেলার সৌদি আরব প্রবাসী হেদায়েত উল্লাহর ছেলে। জাহিদ পরিবারের সঙ্গে আশুগঞ্জ বাজারের একটি ভাড়া বাসায় থাকে। সে আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্র উচ্চবিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন সোহাগ রেজা (২৮) ও সোহাগপুরের শিশু মিয়ার স্ত্রী আলেয়া বেগম (৪২)। এর মধ্যে সোহাগ রেজা জাহিদের আপন ফুফাতো ভাই। সোহাগ আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের রবিউল্লাহপাড়ার সেলিম মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে আশুগঞ্জের হাজী আবদুল জলিল উচ্চবিদ্যালয়ের মাঠে খেলতে গিয়ে অপহৃত হয় জাহিদ। সন্ধ্যায় অপহরণকারীরা মুঠোফোনে তার পরিবারের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে পরিবারের লোকজন অপহরণের বিষয়টি আশুগঞ্জ থানার পুলিশকে জানায়। রাতেই জাহিদের মা নাজমা বেগম বাদী হয়ে অপহরণের অভিযোগে উপজেলার সোহাগপুর গ্রামের রাজীব মিয়া, তাঁর বাবা শিশু মিয়া, মা আলেয়া বেগমসহ (৪২) সাত-আটজনের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আশুগঞ্জ পুলিশ মুঠোফোন নম্বর ট্র্যাকিং করে রোববার রাতে বিজয়নগরের শ্যামলীঘাট থেকে জাহিদকে উদ্ধার করে। এ সময় পুলিশ সোহাগ রেজাকে গ্রেপ্তার করে। জাহিদকে অপহরণ করে প্রথমে ঢাকায় এবং পরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও রোববার বিকেলে বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকাতে নিয়ে যায় অপহরণকারীরা।
জাহিদের মা নাজমা বেগম গতকাল বলেন, ‘পাওনা টাকা নিয়ে জাহিদের বাবা হেদায়েত উল্লাহর সঙ্গে আশুগঞ্জের সোহাগপুর গ্রামের শিশু মিয়ার ছেলে রাজীব মিয়ার বিরোধ চলছিল। অপহরণকারীরা আমার ছেলেকে ছ্যাঁকা দেওয়াসহ নানাভাবে নির্যাতন করেছে।’
আশুগঞ্জ থানার পুলিশ সূত্রে আরও জানা গেছে, এই ঘটনায় শনিবার দুপুরে রাজীবের মা আলেয়া বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন গতকাল সোমবার প্রথম আলোেক বলেন, সোহাগ রেজা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। ঘটনার সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত। সোহাগকে গতকাল দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।