অপহরণের দুই মাস পর শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার
অপহরণের প্রায় দুই মাস পর শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তেপানি গ্রামের একটি জমি থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
ওই শিশুর নাম রাহিমুল ইসলাম রনক। বয়স সাড়ে চার বছর। বাবার নাম মোছাদ্দেক হোসেন। বাড়ি আদর্শপাড়া এলাকায়।
পুলিশ জানায়, ধারালো অস্ত্র দিয়ে শিশুটিকে হত্যা করে লাশ বস্তায় ভরে মাটিচাপা দিয়ে রাখা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, গত বছরের ১ ডিসেম্বর দুপুরে রাহিমুলকে শহরের আদর্শপাড়ায় নিজেদের বাড়ি থেকে অপহরণ করা হয়। গত ৩ ডিসেম্বর রাহিমুলের বাবা মোছাদ্দেক হোসেন বাদী হয়ে অপহরণের মামলা করেন। মামলায় রাহিমুলের খালাতো ভাই মোবাশ্বের আলমকে আসামি করা হয়। তাঁর বাড়ি খোড়াগাছ ইউনিয়নের পাইকারেরহাট এলাকায়।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, টাকা লেনদেনের ঘটনা নিয়ে দ্বন্দ্বের জের ধরে মোবাশ্বের শিশুটিকে অপহরণ করেন। মোবাশ্বের পলাতক থাকলেও তাঁর স্ত্রী, মা, বাবা, শ্বশুর-শাশুড়িকে পুলিশ আটক করে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।