অপহরণের দুই মাস পর স্কুলছাত্রী উদ্ধার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী অপহৃত হওয়ার প্রায় দুই মাস পর গতকাল মঙ্গলবার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে উদ্ধার করেছে থানা-পুলিশ।
এ ঘটনায় গত ২৬ জুলাই স্কুলছাত্রীর বাবা গোয়ালন্দ ঘাট থানায় বখাটে যুবক মো. রনি মিয়াসহ অজ্ঞাত একজনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলাম জানান, বাড়ি থেকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে রনি ওই উত্ত্যক্ত করত। ২২ জুলাই বিদ্যালয়ে আসার পথে মাইক্রোবাসে করে ওই ছাত্রীকে সে তুলে নিয়ে যায়। ২৬ জুলাই মামলা হয়। আজ সকালে দৌলতদিয়া ফেরিঘাটের কাছে ওই ছাত্রীকে ফেলে আসামিরা পালিয়েছে। ডাক্তারি পরীক্ষা শেষে রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হচ্ছে ওই স্কুলছাত্রীকে।
ঘটনার সঙ্গে জড়িত বখাটে যুবক মো. রনি মিয়াকে (২৫) পুলিশ আটক করতে পারেনি। রনি দৌলতদিয়া উম্বার কাজী পাড়ার সুলতান ড্রাইভারের ছেলে।