অপহরণের দুই মাস পর স্কুলছাত্রী উদ্ধার, 'অপহরণকারী' গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী শহরের এক স্কুলছাত্রীকে অপহরণের দুই মাস পর গত বুধবার ভোররাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারী সন্দেহে কাউছার শেখ (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, রাজবাড়ী শহরের একটি বিদ্যালয় থেকে এবার মেয়েটির এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। বুধবার সকালে রাজবাড়ী সদর হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। দুপুরে রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়। আদালতে তার জবানবন্দি গ্রহণ শেষে পরিবারের কাছে তুলে দেওয়া হয়। গ্রেপ্তার হওয়া কাউছারকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তিনি রাজবাড়ী সদর উপজেলার মেছোঘাটা গ্রামের কামাল শেখের ছেলে।
স্কুলছাত্রীর পরিবার ও থানার পুলিশ সূত্র জানায়, হিন্দু সম্প্রদায়ের ওই স্কুলছাত্রীকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করে আসলিছেন কাউছার। প্রতিবাদ করলে তিনি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। গত ১৭ ডিসেম্বর সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে মেয়েটিকে তুলে নিয়ে যান কাউছার ও তাঁর সহযোগীরা। এ ঘটনায় ১৯ ডিসেম্বর পরিবারটি রাজবাড়ী সদর থানায় কাউছারসহ পাঁচজনকে আসামি করে মামলা করে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার মিয়া গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, কাউছার ও তাঁর সহযোগীরা মেয়েটিকে তুলে নিয়ে ঢাকার কেরানীগঞ্জ এলাকার একটি ভাড়া বাড়িতে আটকে রাখেন। সেখানে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়।
ওসি বাশার মিয়া আরও বলেন, মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় থানার উপপরিদর্শক (এসআই) এনছের আলীকে। পুলিশ বিভিন্ন কৌশল ও প্রযুক্তি অবলম্বন করে মেয়েটি ও অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে। পরে এসআই এনছের আলী কেরানীগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় বুধবার ভোররাতের দিকে মেয়েটিকে উদ্ধার করেন। এ সময় অপহরণের মূল হোতা কাউছার শেখকে গ্রেপ্তার করা হয়।