অপহরণের দেড় বছর পর শিশুর হাড়গোড় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের প্রায় দেড় বছর পর গতকাল বুধবার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মাসুদ রানা ওরফে শয়নের হাঁড়গোড় উদ্ধার করা হয়েছে। মুক্তিপণের দাবিতে মাসুদকে তার সৎবাবা ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর ভূয়াপুর থেকে অপহরণ করেছিলেন।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানা গেছে, মাসুদের বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর তাঁর মায়ের ঘাটাইলের রামপুরা গ্রামের জাহাঙ্গীর হোসেনের সঙ্গে বিয়ে হয়। মাসুদ ভূয়াপুরের মাটিকাটা গ্রামের নানির কাছে থেকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করত। ঘটনার দিন স্কুল থেকে ফেরার পথে মাসুদের সৎ বাবা তাকে অপহরণ করেন। পরে মুঠোফোনে তার নানির কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। ঘটনার পর মাসুদের নানি মাজেদা বেগম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের অভিযুক্ত করে মামলা দায়ের করেন। এর মধ্যে অপহরণকারীদের দাবি অনুযায়ী প্রায় দুই লাখ টাকাও দেওয়া হয়। এর পরও তাকে ফেরত পাওয়া যায়নি।
২০১৩ সালের ২৮ অক্টোবর মামলাটির তদন্তভার ডিবি পুলিশকে দেওয়া হয়। মুক্তিপণের দাবির সময় ব্যবহৃত মুঠোফোনের কলের তালিকা দেখে অপহরণকারী হিসেবে জাহাঙ্গীরকে চিহ্নিত করে পুলিশ। ওই বছর ১৭ নভেম্বর জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে মুক্তিপণ দাবির সময় ব্যবহৃত মুঠোফোন ও মুক্তিপণের ১ লাখ ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়। কিন্তু মাসুদের ব্যাপারে কোনো তথ্য দেননি জাহাঙ্গীর। পরে জাহাঙ্গীর আদালত থেকে জামিনে মুক্তি পান।
গতকাল সকালে ভূয়াপুর থানার একটি ডাকাতি মামলায় জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তখন জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি মাসুদকে মধুপুরের টেংরি গ্রামে হত্যা করে লাশ মাটিতে পুঁতে রাখার কথা স্বীকার করেন। পরে তাঁকে নিয়ে পুলিশ সেখানে গেলে তিনি পুঁতে রাখার জায়গা দেখিয়ে দেন। সেখানে মাটি খুঁড়ে শিশুর মাথার খুলি, হাঁড়গোড় উদ্ধার করা হয়।
জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) রাশিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।