অপহরণের দেড় ঘণ্টা পর সাংবাদিক উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর উপজেলার ছোটশলুয়া এলাকা থেকে সেলিম রেজা (৩০) নামে এক সাংবাদিককে গত রোববার রাতে অপহরণ করে সশস্ত্র দুর্বৃত্তরা। পুলিশ দেড় ঘণ্টা পর পার্শ্ববর্তী ডিহি এলাকার মাঠ থেকে তাঁকে উদ্ধার করে।

সেলিম রেজা চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার স্থানীয় প্রতিনিধি। পাশাপাশি তিনি সদর উপজেলার হিজলগাড়ি বাজারে ওষুধের দোকান চালান। তাঁর বাড়ি একই উপজেলার বাষট্টি আড়িয়া গ্রামে।

থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, রোববার রাত নয়টার দিকে সেলিম ও তাঁর বড় ভাই মিলন হোসেন পৃথক দুটি মোটরসাইকেলে চড়ে হিজলগাড়ি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। দুজন কিছুটা দূরত্ব বজায় রেখে চলছিলেন। ছোটশলুয়া গ্রামের কবরস্থানের কাছে পৌঁছালে পাঁচ-ছয়জনের একদল দুর্বৃত্ত সেলিমের মোটরসাইকেলের গতিরোধ করে। তারা সেলিমকে মোটরসাইকেল থেকে টেনেহিঁচড়ে নামিয়ে মাঠের ভেতরে নিয়ে যায়। অবস্থা বেগতিক দেখে বড় ভাই মিলন মোটরসাইকেল ঘুরিয়ে হিজলগাড়ি বাজারে ফিরে যান এবং পুলিশ ও বাজারের লোকজনকে খবর দেন। এরপর পুলিশ-জনতার যৌথ অভিযান শুরু হয়।

সেলিম রেজা গতকাল সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, অপহরণকারী সবার হাতে বড় বড় ধারালো অস্ত্র ছিল। তারা তাঁকে ভুট্টাখেত ও জলাভূমির মধ্য দিয়ে টানতে টানতে প্রায় তিন কিলোমিটার দূরে নিয়ে যায় ও মারধর করে। এরপর ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের টাকা না দিলে তাঁকে খুন করার হুমকি দেওয়া হয়। তিনি বলেন, ‘পুলিশ উপর্যুপরি বাঁশি বাজানোয় এবং এলাকার কয়েক গ্রামের মানুষ যৌথভাবে মাঠটি ঘিরে ফেলায় দুর্বৃত্তরা মানসিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়ে। একপর্যায়ে একজন আমাকে পাহারা দেয় এবং অন্যরা চারদিকে পরিস্থিতি দেখতে যায়। তখন আমি ওই ব্যক্তিকে ধাক্কা মেরে দৌড়ে একটি ভুট্টাখেতের মধ্যে আশ্রয় নিই। এরপর পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে।’

পুলিশ বলছে, অপহরণকারী দুর্বৃত্তরা কারাবন্দী মোমিন বাহিনীর সদস্য বলে প্রাথমিকভাবে তারা জানতে পেরেছে। এ বাহিনী এলাকায় চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িত।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বলেন, এলাকাবাসীকে সঙ্গে নিয়ে পুলিশের দ্রুত অভিযানের কারণে দুর্বৃত্তরা সেলিম রেজাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।