অপহরণের নয় ঘণ্টা পর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় অপহরণের নয় ঘণ্টা পর গতকাল মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে (২১) উদ্ধার করেছে পুলিশ। অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মৌলভীবাজার সদর উপজেলার রুকনুজ্জামান খান (২৮) ও তাঁর সহযোগী রাজনগর উপজেলার নুর আলী (২৩), শহীদুল ইসলাম (২৮), জুবেল আহমদ ওরফে রাসেল (২৬) ও শাহান আহমদ (২৪)।
পুলিশ ও ছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে ওই ছাত্রী এবং তাঁর দুই চাচা একটি মামলার কাজে মৌলভীবাজার সদর থানায় যান। সেখানে কাজ শেষে তাঁরা কুলাউড়ায় তাঁদের নিজ বাড়িতে ফিরছিলেন। সন্ধ্যা সাতটার দিকে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের রাজনগর উপজেলার মহলাল এলাকায় দুটি গাড়ি তাঁদের প্রাইভেট কারের গতিরোধ করে। এরপর রুকনুজ্জামান ও তাঁর সহযোগীরা ওই ছাত্রীকে গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে তাঁদের গাড়িতে তুলে সিলেটের দিকে চলে যান। এ সময় বাধা দিলে অপহরণকারীরা ছাত্রীর দুই চাচা ও গাড়িচালককে মারধর করে রাস্তায় ফেলে দেন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ছাত্রীর এক চাচা বাদী হয়ে নয়জনের নাম উল্লেখ করে গত সোমবার রাতে রাজনগর থানায় মামলা করেন।
মামলার পর রাজনগর থানার পুলিশ অভিযান চালিয়ে রাজনগরের বিভিন্ন স্থান থেকে চারজনকে গ্রেপ্তার করে। গতকাল ভোর পাঁচটার দিকে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজনগর উপজেলার দুগাঁও গ্রামের নাজিম মিয়ার বাড়ি থেকে ওই ছাত্রী ও প্রধান আসামি রুকনুজ্জামান খানকে গ্রেপ্তার করা হয়।
ছাত্রীর এক চাচা বলেন, ‘আমার ভাতিজির সঙ্গে পূর্বপরিচয়ের সূত্র ধরে রুকনুজ্জামান সব সময় যোগাযোগ রাখার চেষ্টা করত। এই সুযোগে কোনো এক সময় হয়তো কাবিননামায় স্বাক্ষর নিয়ে থাকতে পারে। কিন্তু আমার ভাতিজি কাবিনের বিষয়ে কিছু জানত না। পরে রুকনুজ্জামান আমার ভাতিজিকে স্ত্রী দাবি করলে সে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়।’
রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) হিল্লোল রায় বলেন, ২০১৩ সালে ওই মেয়েটির সঙ্গে রুকনুজ্জামানের বিয়ে হয়েছিল। গত ২৭ আগস্ট ছাত্রীটি তাঁকে তালাক (ডিভোর্স) দিয়েছেন।