অপহরণের নয় দিন পর শিশু উদ্ধার
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা থেকে অপহরণের নয় দিন পর আছিয়া আক্তারকে (৬) ময়মনসিংহের নান্দাইল উপজেলা থেকে গত বুধবার উদ্ধার করেছে পুলিশ।
এ সময় চারজন অপহরণকারীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নান্দাইল উপজেলার বাসিন্দা আমিনুল (৩০), খামারগাঁও গ্রামের টিপু মিয়া (৩৭), কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার মাসুদ রানা (৩২) ও সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার আশরাফ মিয়া (৩৩)।
পুলিশ সূত্রে জানা যায়, তাড়াইল উপজেলার মুন্সিবাড়ি গ্রামের আইনাল ইসলামের মেয়ে আছিয়া গত ২৪ ফেব্রুয়ারি বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। পরে বিভিন্ন স্থানে শিশুটিকে খুঁজে না পেয়ে তার বাবা আইনাল হোসেন পরের দিন তাড়াইল থানায় জিডি করেন।
আইনাল হোসেন জানান, নিখোঁজ হওয়ার তিন দিনের মাথায় ২৭ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত দুটি আলাদা মুঠোফোন নম্বর থেকে ফোন করে অজ্ঞাত ব্যক্তিরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে তিনি তাড়াইল থানায় একটি মামলা করেন। গত বুধবার পর্যন্ত মুক্তিপণ পরিশোধের জন্য তাঁকে মুঠোফোনে তাগাদা দিতে থাকে অপহরণকারীরা।
বুধবার রাতে কিশোরগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ারুল হকের নেতৃত্বে কিশোরগঞ্জ গোয়েন্দা পুলিশের একটি দল নান্দাইল পৌরসভার কাকচর এলাকার আশরাফ এলাইচ ওরফে সাগরকে আটক করে। তার তথ্যের ভিত্তিতে নান্দাইল থানা-পুলিশের সহায়তা নিয়ে অপহৃত শিশুটিকে উপজেলার খামারগাঁও গ্রামের টিপু মিয়ার বাড়ি থেকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া আমিনুল আছিয়াদের প্রতিবেশী আশরাফ মিয়ার মেয়ের জামাই।