অপহরণের নয় ঘণ্টা পর উদ্ধার, আটক ২
চট্টগ্রামে অপহরণের নয় ঘণ্টা পর শহীদুল ইসলাম নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। আজ রোববার সন্ধ্যা সাতটার দিকে নগরের শেরশাহ এলাকার শফি কলোনির একটি বাসা থেকে পুলিশ তাঁকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নূর বাহার (৫০) ও মীর মহসিন (২০) নামে দুজনকে আটক করা হয়েছে।
বায়েজীদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন প্রথম আলোকে বলেন, ফটিকছড়ি উপজেলার নানুপুর বাজারে মেসার্স ফিরোজা টিম্বার নামে অপহৃত ব্যবসায়ীর ভাই নূরুল ইসলামের একটি কাঠের দোকান রয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় কয়েকজন লোক গিয়ে বাসার চৌকাঠ কিনতে কাঠ দেখে আসেন। মাপ নেওয়ার জন্য নগরের মুরাদপুর এলাকায় দোকান থেকে কাউকে পাঠাতে বলেন। নুরুল ইসলাম আজ সকালে তাঁর ভাই শহীদুল ইসলামকে পাঠান। নগরের মুরাদপুর এলাকায় সকাল ১০টার দিকে এসে পৌঁছালে চার ব্যক্তি চৌকাঠের মাপ নেওয়ার কথা বলে শহীদুলকে শেরশাহ কলোনি এলাকায় নিয়ে একটি বাসায় আটকে রাখেন। পরে তাঁর ভাই নূরুল ইসলামের কাছে মুক্তিপণ হিসেবে একলাখ টাকা দাবি করেন।
বিষয়টি বায়েজীদ বোস্তামী থানাকে জানানো হলে পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শেরশাহ এলাকা থেকে মীর মহসিনকে আটক করে। পরে সন্ধ্যা সাতটার দিকে শফি কলোনির একটি বাসা থেকে অপহৃত শহীদকে উদ্ধার করা হয়। আটক আসামিরা অপহরণকারী চক্রের সদস্য। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।