অপহরণের নয় ঘণ্টা পর ব্যবসায়ী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কালিয়াবকরী গ্রামে নিজ বাড়ির পাশ থেকে অপহরণের নয় ঘণ্টা পর সাদ্দাম হোসেন (৩০) নামের এক ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার ভোর চারটার দিকে পাশের ভগিরথপুর গ্রামের ভেদাগাড়ি মাঠ থেকে তাঁকে উদ্ধার করা হয়।
পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, সাদ্দাম হোসেন রোববার সন্ধ্যায় বাড়ি-সংলগ্ন দোকানে বেচাকেনা করছিলেন। সন্ধ্যা সাতটার দিকে ১০-১২ জন মুখোশধারী দুর্বৃত্ত অস্ত্রের মুখে সাদ্দামকে দোকান থেকে তুলে পাশের মাঠে নিয়ে যায়। এরপর তারা সাদ্দামের বাবা আবুল হোসেনের কাছে মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে। বিষয়টি জানাজানি হলে দামুড়হুদা থানা এবং ভগিরথপুর, চারুলিয়া, দলিয়ারপুর ও দুলালনগর ফাঁড়ির পুলিশ গ্রামবাসীকে সঙ্গে নিয়ে অভিযানে নামে। পরে সহকারী পুলিশ সুপার (এএসপি) ছুফি উল্লাহর নেতৃত্বে পুলিশের বিশেষ একটি দল অভিযানে যোগ দেয়। ভোর চারটার দিকে দুর্বৃত্তরা সাদ্দামকে ভগিরথপুর গ্রামের ভেদাগাড়ি মাঠে রেখে চলে যায়। সাদ্দাম মুঠোফোনে পরিবারের সদস্যদের জানালে তাঁকে ওই মাঠ থেকে উদ্ধার করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক সূত্র দাবি করেছে, ৩ লাখ টাকা মুক্তিপণ পরিশোধের পর অপহরণকারীরা সাদ্দাম হোসেনকে মুক্তি দিয়েছে। তবে সাদ্দাম হোসেনের বাবা আবুল হোসেন টাকা দেওয়ার কথা অস্বীকার করেছেন।
এএসপি ছুফি উল্লাহ বলেন, ঘটনা জানার পরপরই গ্রামবাসীকে সঙ্গে নিয়ে বিপুলসংখ্যক পুলিশ তল্লাশি অভিযানে নামে। অবস্থা বেগতিক বুঝতে পেরে অপহরণকারীরা ওই ব্যবসায়ীকে ছেড়ে দিতে বাধ্য হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।