অপহরণের পর দুই ভাই খুন, গ্রেপ্তার হলেন বাবা ও খালু
রাজধানীর বাড্ডা থেকে দুই সহোদর শিশুকে অপহরণের পর হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিশুদের বাবা ও খালুকে গ্রেপ্তার করেছে র্যা ব। গত মঙ্গলবার রাতে শিশুদের খালু রোমানকে চট্টগ্রাম থেকে এবং গতকাল সকালে বাবা শামসুল ইসলামকে গ্রেপ্তার করা হয় ঢাকার বাড্ডা এলাকা থেকে।
র্যা ব-১-এর পরিচালক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ গতকাল প্রথম আলোকে বলেন, রোমান নিজ হাতে দুই শিশুকে খুন করার কথা স্বীকার করে বলেছেন, শিশুদের বাবার প্ররোচনায় অপহরণের পর গাজীপুরের ভাওয়াল বনে নিয়ে তাদের শ্বাসরোধে হত্যা করা হয়। রোমানের তথ্যের ভিত্তিতে শিশুদের বাবাকে গ্রেপ্তার করা হয়।
রোমান তাঁর স্ত্রী ঝর্ণা বেগম ও স্ত্রীর বড় বোন হেলেনা বেগমের মধ্য বাড্ডার ৭/১ নম্বর সড়কের ১৩ নম্বর বাসায় থাকতেন। হেলেনা বেগম গৃহকর্মী হিসেবে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করেন।
র্যা ব কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে রোমান বলেন, স্ত্রীর সঙ্গে তাঁর বিভিন্ন সময় ঝগড়াবিবাদ হতো। এতে ক্ষিপ্ত হয়ে শিশু দুটির মা হেলেনা রোমানকে বাসা থেকে বের করে দেন। র্যা বের জিজ্ঞাসাবাদে রোমান বলেন, হেলেনার ওপর প্রতিশোধ নিতে তিনি তাঁর দুই শিশুসন্তানকে খুন করার পরিকল্পনা নেন।
রোমান দাবি করেন, হেলেনার আগের ঘরের সন্তান নাবিলকে (৯) মেনে নিতে পারেননি হেলেনার স্বামী শামসুল ইসলাম। তিনি বলেন, শুধু নাবিলকে সরিয়ে দিতে শামসুল টাকা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন তাঁকে। তবে প্রতিশোধ নিতে দুই শিশুকেই হত্যা করেন রোমান।
র্যা বকে দেওয়া রোমানের বিবরণ অনুযায়ী, গত বছরের ৪ এপ্রিল দুপুরে নাবিল (৯) ও নাজমুল হাসানকে (৫) চিপস কিনে দেওয়ার কথা বলে অপহরণ করেন তিনি। নিজের ভ্যানে তুলে তাদের প্রথমে গুলশান শুটিং ক্লাবের সামনে নিয়ে যান। পরে পার্কে বেড়ানোর কথা বলে তাদের নিয়ে যান গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে। উদ্যানের ৬ নম্বর ফটক থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে ধলিপুকুরের পাশে গজারির বনে নিয়ে একাই দুই ভাইকে শ্বাসরোধে হত্যা করেন তিনি।
র্যা ব কর্মকর্তারা বলেন, গাজীপুরে বনে নাবিল ও নাজমুলের লাশ উদ্ধারের খবর গণমাধ্যমে দেখেন হেলেনা তাঁর দুই সন্তানের লাশ শনাক্ত করেন। পরে শিশুদের বাবা শামসুল হক বাদী হয়ে বাড্ডা থানায় হত্যা মামলা করেন। ঘটনার পর থেকেই রোমান পালিয়ে বেড়াচ্ছিলেন।