অপহরণের পর দুই শিশুকে হত্যা
পৃথক ঘটনায় দুই শিশুকে অপহরণের পর হত্যা করা হয়েছে। রাজধানী থেকে গতকাল বৃহস্পতিবার এদের একজনের লাশ ও অপরজনের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এ দুই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যা ব ও পুলিশ।
নিহত দুজন হলো পুরান ঢাকার নবাবগঞ্জের জগৎমহল প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র রিফাত (৬) ও পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র আবুল বাশার (১৩)।
অপহরণের দুই দিন পর গতকাল সকালে বুড়িগঙ্গা নদী থেকে রিফাতের এবং প্রায় চার মাস পর দারুসসালাম এলাকা থেকে বাশারের কঙ্কাল উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য রিফাতের লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে এবং ডিএনএ পরীক্ষার জন্য বাশারের কঙ্কাল পরীক্ষাগারে পাঠানো হয়।
রিফাত মা-বাবার সঙ্গে নবাবগঞ্জের ৫০/ সি হোসেনউদ্দিন খান লেনে থাকত। তার বাবা আবদুর রফিক সোয়ারীঘাটের মাছ ব্যবসায়ী। স্বজনেরা জানান, গত মঙ্গলবার রাতে রিফাত নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খুঁজেও তার সন্ধান মেলেনি। এ ঘটনায় রফিক ওই রাতেই লালবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রিফাতের ফুফাতো ভাই আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, রিফাত বাবা-মায়ের একমাত্র ছেলে। মঙ্গলবার গভীর রাতে এক ব্যক্তি রিফাতের বাবার মোবাইলে ফোন করে বলে রিফাত তাদের কাছে আছে, ১০ লাখ টাকা দিলে ছেড়ে দেওয়া হবে। তিনি এত টাকা দিতে পারবেন না বলে জানান। এরপর তাঁর আত্মীয় মো. রবিন র্যা ব-১০-এর লালবাগ ক্যাম্পে রিফাত অপহরণের বিষয়ে লিখিত অভিযোগ করেন। বুধবার সকালে রিফাতের বাবাকে আবার ফোন করে মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করা হয়। তিনি এতে রাজি হলে অপহরণকারী বলে, টাকা কোথায় নিয়ে যেতে হবে তা সন্ধ্যায় জানাবে। অপহরণকারী সন্ধ্যায় ফোন করে টাকা নিয়ে রাতে আজিমপুর ছাপড়া মসজিদের সামনে থাকতে বলে। ঘটনাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে না জানাতে হুমকি দেওয়া হয়।
র্যা ব কর্মকর্তারা জানান, রাতে সাদা পোশাকে র্যা ব সদস্যরা ছাপড়া মসজিদের আশপাশে অবস্থান নেন। রিফাতের বাবার কাছ থেকে টাকা নেওয়ার সময় র্যা ব সদস্যরা আরিফুর রহমান নামের একজনকে ধরে ফেলেন। রিফাতের বাবা আরিফুরকে প্রতিবেশী বলে শনাক্ত করেন।
র্যা ব জানায়, অপহরণের মূল পরিকল্পনাকারী আরিফুর। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ গতকাল সকালে কেরানীগঞ্জের বুড়িশুরে বুড়িগঙ্গা নদী থেকে রিফাতের বস্তাবন্দী লাশ উদ্ধার করে। পরে আরিফুরের তথ্যের ভিত্তিতে তাঁর সহযোগী ইকবাল মুন্সি (২৪) ও হাবিবুর রহমানকে (৫৮) গ্রেপ্তার করে র্যা ব। জিজ্ঞাসাবাদে আরিফুর জানান, রিফাতকে বল ও চকলেটের লোভ দেখিয়ে অপহরণ করে তাঁর হোসেনউদ্দিন খান লেনের বাসায় নেওয়া হয়। তাকে চেতনানাশক মেশানো জুস খাইয়ে অজ্ঞান করা হয়। রিফাতের বাবা প্রথমে টাকা দিতে রাজি না হওয়ায় বুধবার বিকেলে রিফাতকে শ্বাসরোধে হত্যার পর লাশ চালের বস্তায় ভরা হয়। পরে বিকেলেই সহযোগীদের দিয়ে লাশ কামরাঙ্গীরচর-সংলগ্ন বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হয়। বিনা পুঁজিতে টাকা আয়ের ফন্দি থেকে দুই সহযোগীকে নিয়ে অপহরণের পরিকল্পনা করেন তিনি।
চার মাস পর কঙ্কাল উদ্ধার: বাশারের স্বজনেরা জানান, গত ১০ ফেব্রুয়ারি পটুয়াখালীর সদর উপজেলার ছোট বিঘাই থেকে স্কুলছাত্র বাশারকে তার ফুফাতো বোনের ছেলে রবিউল ইসলাম ও তার বন্ধু শহীদুল ইসলাম বেড়ানোর কথা বলে ঢাকায় নিয়ে আসে। বাশারকে বাড়ি না নেওয়ায় তার বাবা সাত-আট দিন পর রবিউলকে ফোন করেন। কিন্তু রবিউল জানায়, বাশার বাড়িতে চলে গেছে। এতে বাশারের পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে এবং বিভিন্ন স্থানে তার খোঁজ করে। পরে বাশারের বাবা লোকমান পেয়াদা পটুয়াখালী সদর থানায় জিডি করেন। সপ্তাহ খানেক আগে বাশারের আত্মীয় কাওছার হোসেন ঢাকায় এসে রবিউলকে চাপ দিলে সে বাশারকে হত্যার কথা স্বীকার করে বলে, জড়িত সবার নাম সে বলে দেবে। তবে তাকে যেন পুলিশে না দেওয়া হয়।
কাওছার ফোনে বিষয়টি বাশারের বড় ভাই আলী হোসেনকে জানান। আলী হোসেন প্রথম আলোকে জানান, ফোন পেয়ে তিনি বুধবার ঢাকায় এসে ঘটনাটি দারুসসালাম থানাকে জানান।
দারুসসালাম থানার উপপরিদর্শক (এসআই) জালালউদ্দিন বলেন, গতকাল সকাল পৌনে আটটার দিকে গাবতলী ও পাশের বাগবাড়ীতে অভিযান চালিয়ে শহীদুল ইসলাম ও রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে সকালেই দীপনগর প্রস্তাবিত কাঁচাবাজারের পূর্ব-দক্ষিণ দিকের পরিত্যক্ত শৌচাগার থেকে বাশারের কঙ্কাল উদ্ধার করা হয়। এ ঘটনায় রবিউল, শহীদুল ও রাকিবুলের বিরুদ্ধে দারুসসালাম থানায় হত্যা মামলা করা হয়েছে। কঙ্কালের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রফাইলিং-জাতীয় ডিএনএ পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান জানান, শহীদুল ও রাকিবুল জিজ্ঞাসাবাদে বাশারকে খুন করার কথা স্বীকার করে জানায়, ১৭ ফেব্রুয়ারি রাতে তারা ও রবিউল দীপনগর প্রস্তাবিত কাঁচাবাজারের পূর্ব-দক্ষিণ দিকে ফাঁকা স্থানে নিয়ে বাশারকে ছুরিকাঘাতে হত্যা করে। পরে লাশ পাশের পরিত্যক্ত শৌচাগারে ফেলে দেওয়া হয়। গতকাল বিকেলে শহীদুল ও রাকিবুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে আদালত তাদের কারাগারে পাঠান। পলাতক রবিউলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশের কর্মকর্তারা বলেন, কয়েক মাস আগে রবিউলের বাবা-মায়ের ছাড়াছাড়ি হয়। রবিউল এ জন্য বাশারের পরিবারকে সন্দেহ করে এবং উচিত শিক্ষা দিতে বাশারকে বেড়ানোর কথা বলে ঢাকায় এনে খুন করে।