অপহরণের পর ধর্ষণ, পাঁচ দিন পর উদ্ধার
বাগেরহাটের রামপালে এবার এক বিধবাকে (৩২) অপহরণের পর নৌকায় নিয়ে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পওয়া গেছে। ঘটনার ছয় দিন পর গত মঙ্গলবার রাতে অপহৃত নারীকে গ্রামবাসীর সহযোগিতায় উদ্ধার করেছে পুলিশ। তাঁকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১২ মার্চ রাতে ওই নারীকে অপহরণ করা হয়। মঙ্গলবার রাতেই ওই নারীর দেবর অজ্ঞাতনামা চার যুবকের বিরুদ্ধে রামপাল থানায় মামলা করেন। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি রাতে রামপালে বন্ধুর সঙ্গে দেখা করতে এসে খুলনার বটিয়াঘাটা উপজেলার এক তরুণী চার যুবকের গণধর্ষণের শিকার হয়েছিলেন।
সদর হাসপাতালের জরুরি চিকিৎসা কর্মকর্তা মুশফিখার শামস্ গতকাল বুধবার বিকেলে প্রথম আলোকে বলেন, সকালে ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
চিকিৎসাধীন ওই নারী প্রথম আলোকে বলেন, তাঁর ১২ বছরের একটি মেয়ে রয়েছে। ১২ মার্চ বিকেলে তিনি দেবরের সঙ্গে পার্শ্ববর্তী গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানে যান। সেখানে রাত ১০টার দিকে বাইরে বের হলে ওত পেতে থাকা কয়েকজন যুবক তাঁকে তুলে নেওয়ার চেষ্টা করে। এতে তাঁর দেবর বাধা দিতে গেলে যুবকেরা তাঁকে বেদম মারপিট করে। একপর্যায়ে তাঁকে (নারী) তুলে নদীতে একটি নৌকায় করে নিয়ে যায়। সেখানে যুবকেরা তাঁকে ধর্ষণ করে। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় তাঁকে পার্শ্ববর্তী গ্রামে তাঁর (নারী) এক বোনের বাড়িতে নিয়ে রাখা হয়। এর পর থেকে তাঁকে নজরদারিতে রাখে যুবকেরা। মঙ্গলবার স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তালুকদার নাজমুল কবীর ঘটনাটি জানতে পারেন। এরপর গ্রামবাসী ও পুলিশের সহযোগিতায় তাঁকে উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, তাঁর দেবর মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
তালুকদার নাজমুল কবীর বলেন, ‘লোকজনের উপস্থিতি টের পেয়ে ওই যুবকেরা পালিয়ে যায়। পরে ওই নারীকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। আমি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
রামপাল থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, চার যুবকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।