নিখোঁজের পাঁচ দিন পর সিলেট থেকে গতকাল মঙ্গলবার ভোরে বাড়ি ফিরেছেন ফেনী পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুর হোসেন। তাঁকে অপহরণ করে ফেনী থেকে সিলেট নিয়ে যাওয়া হয়েছিল। তবে কারা তাঁকে অপহরণ করেছেন তা বলতে পারেননি তিনি।
ফেনীর পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে স্বজনদের সঙ্গে গতকাল ভোর পাঁচটায় ফেনীর বারাহিপুর অচিনতলা এলাকার বাড়িতে ফিরেছেন নুর হোসেন। গত সোমবার সকালে সিলেটের কদমতলী রেলস্টেশনের কাছে অপহরণকারীরা তাঁকে ছেড়ে দিলে তিনি কাছের পুলিশ ফাঁড়িতে যান। পরে সেখান থেকে সিলেটের দক্ষিণ সুরমা থানায় আসেন। সেখানে স্বজনেরা এসে পৌঁছালে তাঁদের সঙ্গে ফেনীতে ফিরে আসেন তিনি।
বাড়ি ফেরার পর গতকাল সকালেই তিনি ফেনী পুলিশ সুপার এবং জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে যান। সেখানে তিনি পুলিশ কর্মকর্তাদের কাছে অপহরণের বিষয়ে বিস্তারিত জানান। এ সময় নুর হোসেনকে ক্লান্ত ও অসুস্থ মনে হচ্ছিল।
নুর হোসেন প্রথম আলোকে বলেন, ১২ জুলাই সন্ধ্যায় বাড়ির পাশের মসজিদে মাগরিবের নামাজ শেষে তিনি হাঁটতে বেরিয়েছিলেন। এ সময় একটি মাইক্রোবাস তাঁর পাশে এসে দাঁড়ায়। গাড়ি থেকে একজন লোক নেমে কাগজে লেখা একটি ঠিকানা দেখিয়ে সেটি চেনেন কিনা জানতে চান। তিনি চেনেন জানালে তাঁরা তাঁকে ধাক্কা দিয়ে মাইক্রোবাসে তুলে নেন। গাড়িতে তোলার সঙ্গে সঙ্গে রুমালে মুখ চেপে ধরলে জ্ঞান হারান তিনি। এরপর তাঁকে কোথায় নেওয়া হয়েছিল তিনি বলতে পারেননি। পরদিন ১৩ জুলাই সন্ধ্যায় যখন তাঁর জ্ঞান ফিরে আসে, তখন তিনি বুঝতে পারেন তাঁকে একটি ভবনের কক্ষে আটকে রাখা হয়েছে। মাইক্রোবাসে করে যাঁরা তাঁকে নিয়ে গেছেন তাঁরা ফেনীর আঞ্চলিক ভাষায় কথা বলেছিলেন। কিন্তু পরদিন সন্ধ্যায় যাঁরা তাঁর সঙ্গে কথা বলেছেন তাঁরা সিলেটি ভাষায় কথা বলেছেন। তিনি জানান, অপহরণ করার সময় গাড়িতে চালক ও দুই নারীসহ ছয়জন ছিলেন। পরদিন রাতে অপহরণকারীরা তাঁকে মুঠোফোনে বাড়িতে যোগাযোগ করতে বলেন। তাঁর কাছে মুঠোফোন নেই বলায় তাঁরা মারধরও করেন। আটক থাকার সময় অপহরণকারীরা তাঁকে মাঝেমধ্যে খাবার দিয়েছেন। তাঁর হাত পা কেটে রাস্তায় ফেলে দেওয়া হবে এমন কথাও বলেছিলেন অপহরণকারীরা। কিন্তু পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় সম্ভবত তাঁরা চাপে পড়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। ছাড়া পেয়ে একটি মুঠোফোনের দোকান থেকে বাড়িতে ফোন করে নিজের অবস্থান জানান তিনি।
ফেনীর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মদ নাসির উদ্দিন মোহাম্মদ বলেন, নুর হোসেন পুলিশকে জানিয়েছেন তাঁকে অপহরণ করে সিলেট নিয়ে যাওয়া হয়েছিল। এ বিষয়ে তিনি গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এসে বিস্তারিত তথ্য দিয়েছেন। তাঁর বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে।