অপহরণের পর ব্যবসায়ীকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে অপহরণের পর এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় মনিরামপুর উপজেলার মুক্তেশ্বরী নদী থেকে তাঁর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া পটুয়াখালীর বাউফল উপজেলায় গতকাল মঙ্গলবার পুলিশ এক কিশোর অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে।

এদিকে ঝালকাঠির কাঁঠালিয়ায় উপজেলায় এক তরুণের লাঠির আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তরুণের মানসিক সমস্যা রয়েছে।

প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:

নিহত ব্যবসায়ী নজরুল ইসলাম (৫২) যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা গ্রামের আবদুল গফুরের ছেলে। গ্রামের আমতলা বাজারে তাঁর একটি মুদি দোকান রয়েছে। ১৪ জুলাই বিকেলে ওই দোকান থেকে তাঁকে কৌশলে অপহরণ করা হয়। এ ঘটনায় ২৭ জুলাই বঅভয়নগর থানায় অপহরণ মামলা করা হয়। এতে আসামি করা হয় মনিরামপুর উপজেলার লাউকুণ্ডা গ্রামের মোস্তাক হোসেন, তাঁর স্ত্রী আঞ্জুয়ারা বেগম, গাবখালী গ্রামের সহোদর মো. তসির ও মো. নাসির; আলী হাফেজ ও ইসরাইল হোসেনকে। ২৯ জুলাই সাতক্ষীরার মুকন্দপুর গ্রাম থেকে আঞ্জুয়ারা বেগমকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, নজরুল ও তাঁর স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। সম্প্রতি নজরুলের বাড়িতে টাইলসের কাজ করতে যান মোস্তাক। মোস্তাক তাঁকে পুনরায় বিয়ে করার পরামর্শ দেন। মেয়ে দেখার নাম করে ১৪ জুলাই বিকেলে মোস্তাক ও নজরুল মোটরসাইকেলে করে মনিরামপুরের লাউকুণ্ডা গ্রামে যান। এ সময় মোস্তাক ও তাঁর সহযোগীরা নজরুলের কাছ থেকে ৫০ হাজার টাকা ও মোটরসাইকেল কেড়ে নেন। আরও টাকা আদায় করার জন্য নজরুলকে আটকে রাখেন তাঁরা। পরে মোস্তাক ও তাঁর সহযোগীরা গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে নজরুলকে হত্যা করেন। তাঁরা গাবখালী শ্মশানঘাট-সংলগ্ন মুক্তেশ্বরী নদীতে লাশটি পুঁতে রাখেন। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পুলিশ সেখান থেকে নজরুলের বস্তাবন্দী লাশ উদ্ধার করে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকাররম হোসেন বলেন, সাত-আট দিন আগে নজরুলকে হত্যা করা হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঝালকাঠিতে নিহত রাশিদা মল্লিক (৫০) কাঁঠালিয়া ইউনিয়নের দক্ষিণ আউড়া গ্রামের প্রয়াত শাজাহান মল্লিকের স্ত্রী। গতকাল দুপুরে নিজ বাড়িতে ছেলে বাদশা মল্লিকের (২৪) লাঠির আঘাতে রাশিদা নিহত হন।

রাশিদা মল্লিকের চাচাতো ভাই নান্টু খান বলেন, রাশিদা বাড়িতে রান্না করছিলেন। হঠাৎ বাদশা ঘরের ভেতরে ঢুকে লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। ঘটনাস্থলে রাশিদার মৃত্যু হয়। পরে প্রতিবেশীরা ঘরে লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বাদশা পাঁচ ভাইবোনের মধ্যে তৃতীয়। পাঁচ বছর আগে তাঁর মানসিক সমস্যা দেখা দিলে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সুস্থ হওয়ার পর তাঁকে বাড়িতে আনা হয়েছিল। কিন্তু হঠাৎ উত্তেজিত হয়ে সে এ ঘটনা ঘটিয়েছে।

কাঁঠালিয়া থানার ওসি এম আর শওকত আনোয়ার বলেন, বাদশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

বাউফলে নিহত অটোরিকশাচালক মো. পারভেজ (১৪) উপজেলার দাশপাড়া ইউনিয়নের খাজুরবাড়িয়া গ্রামের মো. দুলালের ছেলে।

গতকাল সকাল সাতটার দিকে নাজিরপুর ইউনিয়নের বড়ডালিমা গ্রামের আবু দফাদারবাড়ির পশ্চিম পাশ এলাকার সড়কের পাশে পারভেজের লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে পরিবারের সদস্যরা তাঁর লাশ শনাক্ত করেন।

 বাউফল থানার ওসি আযম খান ফারুকী বলেন, ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাই করতে গলায় ফাঁস দিয়ে তাঁকে হত্যা করা হয়েছে।