অপহরণের পর মাদ্রাসাছাত্রকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের পর মুক্তিপণ চেয়ে না পেয়ে মিরাজ আলী নামের এক মাদ্রাসাছাত্রকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ভোমরাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। মিরাজকে গত শনিবার রাতে ভোমরাডাঙ্গা গ্রামের বাড়ির পাশে ওয়াজ মাহফিল থেকে অপহরণ করা হয়। গতকাল সোমবার একই গ্রামের একটি ভুট্টাখেত থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
মিরাজের (১০) বাবা কৃষক মহর আলী গতকাল বিলাপ করতে করতে প্রথম আলোকে বলেন, তাঁর একমাত্র ছেলে মিরাজকে বাঁচাতে অপহরণকারীদের দাবি অনুযায়ী এক লাখ টাকা মুক্তিপণ দিতে চেয়েছিলেন। কিন্তু সময়ের অভাবে সব টাকা জোগাড় করতে পারেননি। এর মধ্যে তাঁর ছেলেকে অমানুষিক নির্যাতন করে হত্যা করে অপহরণকারীরা।
মিরাজের ফুফা ফজলুর রহমান বলেন, মিরাজ গ্রামের মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়ত। সে শনিবার রাতে বাড়ির পাশে মাদ্রাসার মাঠে ওয়াজ মাহফিলে ওয়াজ শুনতে যায়। কিন্তু রাত সাড়ে আটটার পর থেকে মিরাজকে আর সেখানে পাওয়া যায়নি। রাত তিনটার দিকে মিরাজের বাবার মুঠোফোনে একটি কল আসে। অপর প্রান্ত থেকে বলা হয়, ছেলেকে ফেরত পেতে চাইলে এক লাখ টাকা দিতে হবে। বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর জন্য একটি নম্বরও দেওয়া হয়।
ফজলুর আরও বলেন, এ ঘটনায় পরদিন সকালে কোটচাঁদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বিকেলে অপহরণকারীরা আবারও টাকা চেয়ে ফোন করে। তখন মিরাজের বাবা মহর একটু সময় চান। কিন্তু অপহরণকারীদের পক্ষ থেকে বলা হয়, রোববার রাতের মধ্যেই টাকা দিতে হবে। গতকাল সকাল সাতটার দিকে আবারও ফোন করে দ্রুত টাকা পাঠানোর তাগাদা দেওয়া হয়। কিন্তু গরু-ছাগল বিক্রি করে টাকা জোগাড় করতে একটু দেরি হচ্ছে জানিয়ে মহর আরেকটু সময় চান। কিন্তু অপহরণকারীরা আর কোনো সময় দেওয়া হবে না বলে জানিয়ে দেয়।
সকাল আটটার দিকে মিরাজের এক চাচা একই গ্রামের ভুট্টার খেতে কাজ করতে গিয়ে দেখেন সেখানে মিরাজের গলাকাটা লাশ পড়ে আছে। এ ছাড়া তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশের চামড়া তুলে নেওয়া হয়েছে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষে মিরাজের লাশ স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। তাকে অপহরণের বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছিল। কিন্তু অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হতে পারেনি পুলিশ। এর আগে করা জিডি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।