খাগড়াছড়িতে চার কলেজছাত্রকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের অভিযোগে গতকাল সোমবার পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় মামলা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের স্লুইসগেট এলাকায় নুরুল হুদা, মাহমুদুল হাসান, আরমান হোসেন ও জয়ন্ত দে নামের চার কলেজছাত্র আড্ডা দিচ্ছিলেন। এ সময় শালবন এলাকার বেলাল হোসেনের নেতৃত্বে কয়েকজন যুবক তাঁদের অস্ত্রের মুখে অপহরণ করে মোল্লাপাড়া এলাকার গভীর জঙ্গলে নিয়ে বেঁধে রাখেন। পরে অপহৃত ব্যক্তিদের অভিভাবকদের কাছ থেকে মুক্তিপণ আদায় করে তাঁদের ছেড়ে দেওয়া হয়। অপহৃত ছাত্রদের অভিভাবকেরা এ ঘটনা গোপন রাখলেও সূত্রের মাধ্যমে পুলিশ সেটা জানতে পারে। পরে পুলিশ অপহরণের শিকার ছাত্রদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে। গত রোববার রাতে অপহরণের শিকার জয়ন্ত দের বাবা বলরাম দে পাঁচজনের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন। মামলার পর পুলিশ গতকাল জেলা সদরের মোল্লাপাড়া ও পৌর কার্যালয় এলাকা থেকে বেলাল হোসেন, শরিফুল ইসলাম, শাকিল ইসলাম, আতিক উল্লাহ ও নাজমুল ইসলামকে গ্রেপ্তার করে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুদ্দিন ভূঁইয়া বলেন, বেলাল হোসেনের নেতৃত্বে ১১ ফেব্রুয়ারি চার ছাত্রকে অপহরণ করা হয়েছিল।