অপহরণের পর যুবককে গলা কেটে হত্যার চেষ্টা
পটুয়াখালী থেকে এক যুবককে অপহরণ করে গৌরনদী উপজেলায় এনে গলা কেটে হত্যা করার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। কমল বিশ্বাস (২৫) নামের ওই যুবককে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গত শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আহত কমল জেলার বাউফল থানার দক্ষিণ ছত্রগাছা গ্রামের নারায়ণ বিশ্বাসের ছেলে। পরিবারের সবাই ভারতে বসবাস করায় তিনি একাই এখানে থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার বাদ মাগরিব কমল রক্তাক্ত অবস্থায় উপজেলার বিলগ্রাম বাজার জামে মসজিদে প্রবেশ করে। এ সময় তাঁর গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। স্থানীয়রা মুমুর্ষূ অবস্থায় তাঁকে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে ওই রাতেই তাঁকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়।
হাসপাতালের চিকিৎসক দাস রণবীর বলেন, কমল এখনো শঙ্কামুক্ত নন। গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, সম্পত্তি আত্মসাতের জন্য দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।