অপহরণের পর শিশু হত্যা, জড়িত পুলিশ বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলেহারা মায়ের আহাজারি। স্কুলছাত্র আবু সাঈদকে হত্যার খবর পেয়ে পাগলপ্রায় মা সালেহা বেগম। কাঁদছেন অন্য স্বজনেরাও। সিলেট নগরের রায়নগরে তাঁদের বাড়ি থেকে শনিবার রাতে তোলা ছবি (ইনসেটে আবু সাঈদ) l প্রথম আলো
ছেলেহারা মায়ের আহাজারি। স্কুলছাত্র আবু সাঈদকে হত্যার খবর পেয়ে পাগলপ্রায় মা সালেহা বেগম। কাঁদছেন অন্য স্বজনেরাও। সিলেট নগরের রায়নগরে তাঁদের বাড়ি থেকে শনিবার রাতে তোলা ছবি (ইনসেটে আবু সাঈদ) l প্রথম আলো

সিলেটে স্কুলছাত্র আবু সাঈদকে (৯) অপহরণ করে হত্যার ঘটনায় গ্রেপ্তার মহানগর পুলিশের বিমানবন্দর থানার কনস্টেবল এবাদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল রোববার রাতে সিলেট কোতোয়ালি থানায় মামলা দায়েরের পরই তাঁকে বরখাস্তের আদেশ দেওয়া হয়।

আজ সোমবার দুপুরে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘তাঁর (এবাদুর রহমান) বিরুদ্ধে অভিযোগ ওঠা ও পরবর্তী সময়ে মামলা হওয়ায় সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ আদেশ রাতেই বিমানবন্দর থানায় পৌঁছানো হয়েছে।’

গত বুধবার দুপুরে স্কুল থেকে বাসায় ফেরার পথে আবু সাঈদ অপহৃত হয়। সে রায়নগরের হাজি শাহমীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ত। গত শনিবার রাত ১১টার দিকে নগরের কুমারপাড়ার ঝেরঝেরিপাড়ায় কনস্টেবল এবাদুরের বাসা থেকেই সাঈদের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় কনস্টেবল এবাদুর, তাঁর সহযোগী গেদা মিয়া ও জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক এন ইসলাম তালুকদার ওরফে রাকীবকে গ্রেপ্তার করা হয়েছে। গেদা মিয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘সোর্স’ হিসেবে পরিচিত। আজ সোমবার সকালে মহানগর হাকিম আদালতে তাঁকে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তার আরেক আসামি ওলামা লীগের সাধারণ সম্পাদক এন ইসলাম তালুকদার ওরফে রাকীবকে আদালতে তোলা হবে বলে তদন্ত-সংশ্লিষ্ট পুলিশ জানিয়েছে।

সিলেট নগরের রায়নগর এলাকার বাসিন্দা মতিন মিয়ার ছেলে আবু সাঈদকে গত বুধবার অপহরণ করে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুঠোফোনে ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহৃতদের শনাক্ত করে পুলিশ গত শনিবার রাতে বিমানবন্দর থানার কনস্টেবল এবাদুরকে আটক করে। পরে তাঁর দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে নগরের কুমারপাড়ার ঝেরঝেরিপাড়ার কনস্টেবলের বাসা থেকে উদ্ধার করা হয় সাঈদের লাশ। এ ঘটনায় গতকাল রোববার কনস্টেবল এবাদুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেন।

কনস্টেবল এবাদুর সাঈদের পরিবারের পূর্ব পরিচিত ছিলেন। সাঈদ তাঁকে ‘মামা’ সম্বোধন করতেন। আদালতে দেওয়া জবানবন্দিতে এবাদুর বলেন, ‘টাকার জন্য অপহরণ করেছিলাম। সাঈদ চিনে ফেলায় হত্যা করি।’

মানববন্ধন, বি‌ক্ষোভ
বেলা ১১টার দিকে আবু সাঈদের স্কুল হাজি শাহমীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করে। এতে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও যোগ দেয়। মানববন্ধনে সাঈদের সহপাঠীরা কান্নায় ভেঙে পড়ে। সেখান সাঈদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করা হয়। পরে একটি বি‌ক্ষোভ মিছিল রায়নগর এলাকার বিভিন্ন সড়ক ঘোরে।

আবু সাঈদের স্কুলের প্রধান শিক্ষক কাবেরী রানী দেবীর ভাষ্য, ঘটনার পর শিক্ষার্থীরা কান্নাকাটি করছে। তারা ভয় পেয়েছে। এ কারণে গতকাল স্কুলে ক্লাস হয়নি।