অপহরণের পর শিশুহত্যা, আটক ১
নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাফসা আক্তার রূপা (৫) নামে এক শিশুকে অপহরণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগ ফজলে রাব্বি নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
অপহরণকারীদের মুক্তিপণ দাবির কয়েক ঘণ্টার পর গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে দুপ্তারা ইউনিয়নের গিরদা এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শিশু হাফসা উপজেলার বান্টি চৌধুরীপাড়া এলাকার মালয়েশিয়া প্রবাসী হজরত আলীর মেয়ে। সে গিরদা নজরুল ইসলাম বাবু প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়ত।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে বাড়ির পাশে খেলা করছিল হাফসা। একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু তার সন্ধান মেলেনি। পরে সন্ধ্যার দিকে গিরদা বাজারের একটি মোবাইল ফোনের টাকা রিচার্জের দোকানে ফোন করে নিজেকে অপহরণকারী দলের সদস্য পরিচয় দিকে এক ব্যক্তি বলেন, শিশু হাফসাকে অপহরণ করা হয়েছে। তাকে জীবিত ফেরত চাইলে সাড়ে তিন লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। অন্যথায় তাকে মেরে ফেলা হবে। বিষয়টি পুলিশকে না জানাতে বলেন ওই অপহরণকারী। কিন্তু শিশু হাফসার পরিবার বিষয়টি পুলিশকে জানায়। এরপর তাকে উদ্ধার করতে পুলিশ অভিযান শুরু করে। পরে রাত দুইটার দিকে দুপ্তারা ইউনিয়নের গিরদা এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, সুরতহাল থেকে জানা গেছে, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফজলে রাব্বি নামে এক অপহরণকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।