অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিওচিত্র ধারণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে গত সোমবার নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের পর ভিডিওচিত্র ধারণ করার অভিযোগ উঠেছে। গোমস্তাপুর উপজেলার এক তরুণের (২৭) বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রীর মামা বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেছেন।

বাদীর অভিযোগ, আসামি ধরতে পুলিশের তৎপরতা নেই। উল্টো আপস করে নিতে পরামর্শ দিচ্ছেন মামলার তদন্ত কর্মকর্তা। তবে তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই মজিবুর রহমান এ অভিযোগ অস্বীকার করেছেন।

বাদী অভিযোগ করে বলেন, গত সোমবার বেলা সাড়ে তিনটার দিকে বাড়ি থেকে কোচিং সেন্টারে যাওয়ার পথে শিবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ভাঙা ব্রিজের কাছ থেকে তাঁর ভাগনিকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যান ওই তরুণ ও তাঁর সহযোগীরা। অপহরণ করার পর তাঁর ভাগনিকে চেতনানাশকের সাহায্যে অজ্ঞান করা হয়। পরে ওই তরুণের এক বন্ধুর বাড়িতে রাখা হয়। সেখানে তাঁর ভাগনির নগ্ন ভিডিওচিত্র ধারণ করা হয়। ওই দিন রাতেই পুলিশের সাহায্যে তাঁর ভাগনিকে উদ্ধার করা হয়।

ওই মেয়েটি বলে, অচেতন অবস্থায় তাকে ধর্ষণ করে ভিডিওচিত্র ধারণ করা হয়েছে। জ্ঞান ফেরার পর ওই তরুণ ওই ভিডিওচিত্র দেখিয়ে বলে, আমাকে বিয়ে না করলে এটা ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে।